খেলা হবে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে: গোপালপুরে শামীম ওসমান

মোঃ নুর আলমম গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সংসদ সদস্য এবং আওয়ামীলীগ নেতা শামীম ওসমান বলেছেন, দেশে একটি খেলা এখন অত্যাসন্ন। সেই খেলা হবে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে অসাম্প্রদায়িক শক্তির এবং মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির বিরুদ্ধে মুক্তিযুদ্ধ পক্ষের শক্তির।

একাত্তর, পঁচাত্তর এবং একুশে আগস্ট গ্রেনেড হামলার খুনিরা সবাই এক। এরা দেশে আবার খুনখারাপির খেলা শুরু করেছে। বঙ্গবন্ধু ও শেখ হাসিনার সৈনিকরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। তারাও খেলায় নামবেন। সেই চূড়ান্ত খেলায় খুনিরা পরাস্ত হবে। মুক্তিযুদ্ধের বাংলাদেশ আবার জয়লাভ করবে।

সোমবার একুশে গ্রেনেড হামলার আসামীদের ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবিতে গোপালপুর উপজেলার সরকারি সূতিভিএম পাইলট হাইস্কুল মাঠে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বিশেষ অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

উপজেলা আওয়ামীলীগ আয়োজিত এ সমাবেশে অধ্যাপক আব্দুল মোমেন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য শাহজাহান খান। বক্তব্য রাখেন স্থানীয় এমপি ছোট মনির, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদার, আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মামুনুর রশীদ, আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, উপজেলা আওয়ামীলীগের সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ প্রমুখ।

শামীম ওসমান আরো বলেন, শেখ হাসিনা শুধু দেশের সম্পদ নয়, আগামী প্রজন্মের জন্য আইডল। তিনি হেরে গেলে বাংলাদেশ পথ হারাবে। বাংলাদেশের পরিস্থিতি হবে আফগানিস্তানের চেয়েও ভয়াবহ। আমাদের সামনে এই যে মরণপন খেলা অপেক্ষা করছে সেটির জন্য সকলকে প্রস্তুত থাকতে হবে। সকলকে মাঠে নেমে খেলতে হবে। আর খেলায় খুনিরা নিশ্চিত হেরে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *