রাজিব মজুমদার, মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: মীরসরাইয়ে গত ২৬ আগস্ট ভোর পাঁচটা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিঠাছড়া বাজারে ঝটিকা মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছিল চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি। এতে নেতৃত্ব দেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক, উপজেলার পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন। সমাবেশে বিএনপির কয়েক হাজার নেতাকর্মী অংশ নেয়।
এই ঘটনার পর উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। বিএনপির ঝটিকা মিছিলের একদিন পর শনিবার (২৭ শে আগষ্ট) ভোর থেকে বিএনপির নাশকতা ঠেকাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাইয়ের ওয়াহেদপুর ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নেয় ওয়াহেদপুর ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কয়েকশ’ নেতাকর্মী।
এসময় ওয়াহেদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফরিদুল হাসান টিপু, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ফজলুল কবির ফিরোজ, উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি আশরাফুল কামাল মিঠুসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি আশরাফুল কামাল মিঠু বলেন, বিএনপি চোরাগোপ্তা হামলা করার জন্য ভোরে মিছিল করছে। যদি জনগণ তাদের সাথে থাকে তাহলে দিন দুপুরে রাজপথে আসুক। মীরসরাইয়ের অভিভাবক ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপির পরামর্শে যুবলীগের নেতাকর্মীরা তাদের প্রতিহত করবে।
ওয়াহেদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ফজলুল কবির ফিরোজ বলেন, ওয়াহেদপুরসহ মীরসরাইয়ের কোথাও জামায়াত বিএনপিকে জনগণের জানমালের ক্ষতি করতে দেয়া হবে না।
ওয়াহেদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফরিদুল হাসান টিপু বলেন, বিএনপি একটি সন্ত্রাসী দল। অতীতেও তারা আগুন সন্ত্রাসের মাধ্যমে দেশের মানুষের ক্ষতি করেছে। তবে এইবার তাদের রাজপথে নামতে দেয়া হবে না।
