‘দিন: দ্য ডে’–এর বাজেট ১০০ কোটি টাকা বলে প্রচার করে ঢাকাই সিনেমায় তুমুল আলোচনার জন্ম দিয়েছিলেন প্রযোজক ও অভিনেতা অনন্ত জলিল, সিনেমা মুক্তির দেড় মাস পর পরিচালক মুর্তজা অতাশ জমজম বলছেন, ভুয়া প্রচার করেছেন অনন্ত জলিল।
ইরানি পরিচালকের ভাষ্যে, ২০১৮ সালের জুনে মুর্তজা ও জলিলের মধ্যকার চুক্তিপত্রে সিনেমার বাজেট নির্ধারণ করা হয়েছে ৫ লাখ মার্কিন ডলার; বাংলাদেশি টাকায় যার পরিমাণ ৪ কোটি টাকার কিছু বেশি।
সম্প্রতি নির্মাতা ইনস্টাগ্রামে এই তথ্য জানানোর পর থেকে নেটিজেনদের তোপের মুখে পড়েছেন অনন্ত জলিল।
অনন্তর প্রতিটি সিনেমার নামের সঙ্গে ইংরেজি ট্যাগলাইন থেকে। সেগুলোর সঙ্গে মিলিয়ে নেটিজেনরা তাকে ‘মিথ্যুক- দ্য লায়ার’ বলছেন। আবার কেউ কেউ তাকে সরাসরি আক্রমণ করে লিখেছেন ‘প্রতারক- দ্য চিটার’।
তবে যে চুক্তিপত্রের ছবি ছড়িয়ে পড়েছে, তা এডিট করা বলে দাবি করেছেন অনন্ত জলিল। তিনি জানিয়েছেন, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। এর পেছনে অন্য কারও ইন্ধন আছে। বিষয়টি দেখার জন্য ইতিমধ্যে আন্তর্জাতিক আইনজীবীও নিয়োগ দিয়েছেন অনন্ত।
এমন পরিস্থিতিতে বিষয়টি নিয়ে এক সংবাদমাধ্যমের কাছে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন দেশের গুণী নির্মাতা ও অভিনেতা কাজী হায়াৎ।
তিনি বলেন, প্রযোজক সিনেমায় কত টাকা খরচ করলেন তা কি পরিচালকের জানার কথা? তিনি কি বলতে পারবেন বিমান ভাড়া কত টাকা খরচ হয়েছে? আবার একজন অতিরিক্ত নারী শিল্পীর পারিশ্রমিক সাত শ ডলার; প্রযোজক যদি খুশি হয়ে তাকে সাত হাজার ডলার দেন তাহলে পরিচালকের কিছু বলার আছে? অতএব অনন্ত জলিল যেটা বলছেন সেটা হতে পারে। তিনি হয়ত এক শ কোটি টাকা খরচ করেছেন।
বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় ‘দিন: দ্য ডে’ সিনেমার শুটিং শুরু হয় ২০১৮ সালে। বাংলাদেশের পাশাপাশি সিনেমার শুটিং হয়েছে তুরস্ক, আফগানিস্তান ও ইরানে। অভিনয় করেছেন অনন্ত জলিল, চিত্রনায়িকা বর্ষাসহ দেশ-বিদেশের অনেক অভিনয়শিল্পী।
