বিনোদন প্রতিবেদক, নজর২৪: নায়ক ও প্রযোজক অনন্ত জলিলের ‘দিন:দ্যা ডে’ সিনেমার বাজেট ফাঁস করেছেন খোদ এই সিনেমার ইরানি নির্মাতা মর্তুজা আতাশ জমজম।
ঈদুল আজহায় মুক্তি পাওয়া আলোচিত সিনেমাটির বাজেট শত কোটি টাকার উপরে বলে বরাবর দাবি করেছেন অনন্ত জলিল। তবে সোমবার সহ-প্রযোজক ও নির্মাতার ইনস্টাগ্রামে প্রকাশ করা তথ্য অনুযায়ী এই সিনেমার বাজেট পাঁচ লাখ মার্কিন ডলার। যা ২০১৮ সালে হওয়া চুক্তি অনুসারে সিনেমাটির বাজেট বাংলাদেশি মুদ্রায় ৪ কোটি টাকার কিছুটা বেশি।
ইনস্টগ্রামে এক পোস্টে পরিচালক এই চুক্তিপত্র প্রকাশের পাশাপাশি অনন্তের বিরুদ্ধে বকেয়া অর্থ পরিশোধ না করা, চিত্রনাট্য ও শুটিং লোকেশন পরিবর্তনসহ একাধিক অভিযোগ এনেছেন।
তবে পরিচালকের এসব অভিযোগ প্রসঙ্গে অনন্ত জলিল জানিয়েছেন মিথ্য তথ্য। চুক্তিপত্র এডিট করে ছড়ানো হচ্ছে। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অনন্ত জলিল বলেন, যে বাজেটের চুক্তিপত্র প্রকাশ করেছে সেটায় একটা জিনিস লক্ষ্য করলে দেখবেন সেটা বাংলায় লিখা। আন্তর্জাতিক কোন চুক্তিপত্র বাংলায় হয় না।
অনন্ত বলেন, বাংলাদেশ থেকে কেউ তাকে পরিচালনা করছে। তারা চাচ্ছে আমি অনন্ত এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে না থাকি। এসব চুক্তিপত্র এডিট করে ছড়ানো হচ্ছে। যা আমার বিরুদ্ধে চক্রান্ত।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি কি করব সেটা এখন বলব না। আমার আইনজীবী এসব বের করবে।
নির্মাতার সাথে বিষয়টি নিয়ে যোগাযোগ করেছেন কিনা এমন প্রশ্নে অনন্ত জানান, এই ঘটনার পর তো তার সাথে কথাই বলব না। গত তিন মাস আগে নির্মাতা মুর্তজা অতাশ জমজম বাংলাদেশ থেকে ঘুরে গেছে। তার সাথে এমন কোন কিছু হলে সে ছবিটি দিল কেন? এই ছবি তো তার কাছেই ছিল। সে না দিলে আমি মুক্তি দিতে পারতাম না। সে কেন মানুষের কথায় এমন কাজ করলো? কার কথায় সে এটা করেছে আইনকে সেটা জবাব দিতে হবে। এজন্য আমি তার সাথে ফোন করব না কথাও বলব না। মানুষের কথায় তার আইডি থেকে কেন এসব করতে দিবে।
এদিকে এমন অভিযোগের চুক্তিপত্র সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে অনেকেই অনন্তকে নিয়ে সমালোচনা করছেন।
