মনে হচ্ছে নিজের দেশেই আছি: কলকাতা থেকে অপু বিশ্বাস

সিনেমার কাজে প্রতিবেশী দেশ ভারতে গেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। ক্যারিয়ারে প্রথমবারের মতো ওপার বাংলার একটি সিনেমায় অভিনয় করেছেন এই বাংলাদেশি নায়িকা। নাম ‘আজকের শর্টকাট’। সেটির প্রচারের কাজেই কলকাতায় গেছেন অপু।

বুধবার (১৭ আগস্ট) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিকালের একটি ফ্লাইটে তিনি কলকাতায় উড়াল দেন। জানা গেছে, ‘আজকের শর্টকাট’ সিনেমাটি মুক্তি পাবে ১৬ সেপ্টেম্বর।

কলকাতা থেকে অপু বিশ্বাস দেশের একটি জাতীয় দৈনিককে জানালেন, গত কয়েকদিন ধরে ছবির প্রচারে ব্যস্ত সময় কাটছে। এটি তাঁর অভিনীত প্রথম কলকাতার ছবি। এ জন্য ছবিটি নিয়ে তাঁর আলাদা আগ্রহ আছে।

তিনি বলেন, ‘প্রতিদিন দুটি–তিনটি করে টেলিভিশন চ্যানেল, পত্রিকা ও ওয়েব পোর্টালে ছবির প্রচার করছি। খুব ভালো লাগছে। আমার সঙ্গে সহশিল্পী গৌরব দাদা আছেন। আরেক সহশিল্পী পরমব্রত দাদা শুটিংয়ের জন্য কলকাতার বাইরে আছেন শুনেছি। আমি, গৌরব দাদা, পরিচালক অনেকেই প্রচারে আছি।’

দেশে সিনেমার প্রচারে অভিজ্ঞতা থাকলেও দেশের বাইরে এবারই প্রথম। দারুণ সব অভিজ্ঞতা হচ্ছে বলে জানালেন অপু বিশ্বাস। বলেন, ‘নতুন নতুন জায়গায় যাচ্ছি। ছবির কথা বলছি। সবার সঙ্গে পরিচয় হচ্ছে। কলকাতার মিডিয়ার সঙ্গে একটা সম্পর্ক তৈরি হচ্ছে, এটিও এই ছবির কারণে বাড়তি পাওয়া। যেখানে যাচ্ছি, সবাই এত সুন্দর করে, এত আপন করে গ্রহণ করছেন আমাকে, মনে হচ্ছে আমি নিজ দেশেই আছি।’

ছবিটি নিয়ে প্রত্যাশার কথা জানতে চাইলে ঢাকাই ছবির এই নায়িকা বলেন, ‘অবশ্যই একটি ভালো কাজ হয়েছে। এটি ওই অর্থে বাণিজ্যিক ধারার ছবি না। প্রচার-প্রচারণার সময় ছবিটি দেখার আগ্রহের কথা বলছেন সবাই। নতুন একটি জায়গায় আমার প্রথম কাজ। প্রত্যাশা অনেক বড়। এখন দেখা যাক কী হয়।’

আগামী ২৫ আগস্ট পর্যন্ত কলকাতায় থাকবেন বলে জানিয়েছেন অপু বিশ্বাস।

জনপ্রিয় কণ্ঠশিল্পী নচিকেতার লেখা গল্পে ‘আজকের শর্টকাট’ সিনেমাটি পরিচালনা করেছেন সুবীর মণ্ডল। এতে অপু বিশ্বাসের সঙ্গী হয়েছেন গৌরব চক্রবর্তী। এ ছাড়াও বিভিন্ন চরিত্রে পর্দায় হাজির হবেন পরমব্রত চ্যাটার্জি, সুমন্ত মুখার্জি, চন্দন সেন, শঙ্কর দেবনাথ, রাজশ্রী ভৌমিক, বিশ্বনাথ বসু প্রমুখ।

এদিকে প্রথমবারের মতো চলচ্চিত্র প্রযোজনা করছেন অপু বিশ্বাস। ২০২১-২২ অর্থবছরে সরকারি অনুদানের সিনেমা ‘লাল শাড়ি’ প্রযোজনা করছেন তিনি। এটি পরিচালনা করছেন বন্ধন বিশ্বাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *