আসছে ১৬ সেপ্টেম্বর সারাদেশে মুক্তি পেতে যাচ্ছে সাইদুল ইসলাম রানা পরিচালিত ‘বীরত্ব’ সিনেমা। মুক্তি উপলক্ষে এরইমধ্যে সিনেমার প্রচারণা শুরু করেছে সংশ্লিষ্টরা। তারই অংশ হিসেবে গত ১৭ আগস্ট প্রকাশ করা হয় সিনেমার ফাস্ট লুক পোস্টার। যেটি বেশ সাড়া ফেলেছে নেটদুনিয়ায়।
‘বীরত্ব’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক মামনুন হাসান ইমন ও নবাগত নিশাত নাওয়ার সালওয়া। দুজনেই একটি মফস্বল শহরের চিকিৎকের ভূমিকায় অভিনয় করেছেন।
ইমন সংবাদমাধ্যমকে বলেন, ‘‘বীরত্ব’ সিনেমাটি নিয়ে আমি অনেক পরিশ্রম করেছি। করোনার সময় যখন ঘরবন্দি ছিলাম, তার পরবর্তী মূহুর্তে কাজের প্রতি যে ক্ষুদা ছিল সে সময়ের কাজ ‘বীরত্ব’।
বীরত্ব-এ মফস্বল শহরের চিকিৎসক আপনি। চরিত্র কেমন? তিনি বলেন, অভিজ্ঞতা অনেক ভালো। চরিত্র ও প্রকৃতির সঙ্গে মিশে গিয়েছিলাম। এই মফস্বল শহরের চিকিৎসকের চরিত্রের মধ্যেই আমি জড়িয়ে যাই বিভিন্ন চক্রের সঙ্গে। পলিটিক্স, ড্রাগস, কিডন্যাপ, জিম্মি, দৌলতদিয়া পল্লীর পরিবেশের সঙ্গে নিজেকে জড়ানো-সত্যিই অন্যরকম গল্প!
নতুন নায়িকা ও সিনিয়রদের সঙ্গে কাজ করেছেন। অভিজ্ঞতা কেমন? ইমন বলেন, নতুন নায়িকা হিসেবে নিশাত সালওয়া ওর জায়গায় সাধ্যমতো চেষ্টা করেছে। আমিও একসময় নিউ কামার ছিলাম। আসলে নতুন-পুরাতন যাই হোক না কেন, সবার সঙ্গে একই মুডে কাজ করি সবসময়।
সিনেমাটি নিয়ে প্রত্যাশা কতখানি? ইমন বলেন, পরাণ ও হাওয়া দেখিয়েছে যে, ভালো গল্পের ও কনসেপ্টের সিনেমা হলে দর্শক দেখবেই। বীরত্বও তেমন ধরনের সিনেমা। সুন্দর লোকেশনে শুটিং। গল্প সুন্দর, সামাজিক গল্পের। সিনেমাটি নিয়ে অনেক কষ্ট করেছি। পরিশ্রম করেছে পুরো ইউনিট। এই সিনেমাটি নিয়ে খুব আশাবাদী। হলে এসে সবাই দেখলে পরিশ্রম সার্থক হবে।
ওটিটি নিয়ে কতখানি ইতিবাচক? তিনি বলেন, শতভাগ। এটি বিশাল প্ল্যাটফরম। ভালো গল্পের অফার এলে করব। একটাই যথেষ্ট। তবে গল্পই তো খুঁজে পাচ্ছি না।
