ঝালকাঠতে এসি বিস্ফোরণে স্বামী-স্ত্রীর মৃত্যু, ৩জন অচেতন

ঝালকাঠি প্রতিনিধি: ঝঝালকাঠির রাজাপুরে একই পরিবারের পাঁচ সদস্যকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাদেরকে হাসপাতালে নেওয়ার পর স্বামী-স্ত্রীকে মৃত ঘোষণা করা হয়। শনিবার সকাল ১১টার দিকে উপজেলার সাতুরিয়া ইউনিয়নে বসত ঘর থেকে তাদেরকে উদ্ধার করা হয়।

মারা যাওয়া দুজন হলেন, একই এলাকার ফোরকান হাওলাদার (৪৮) ও তার স্ত্রী মাহিনুর বেগম (৪০)। রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন ফোরকানের ছেলে মাইনুল (১৪), ভাই রুবেলের স্ত্রী মাহফুজা বেগম (৩৫) এবং ভাইঝি শিশু সারা মনি (৩)। বাসার এয়ারকন্ডিশনে ত্রুটির কারণে গ্যাস নির্গত হয়ে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে।

পুলিশ জানায়, শুক্রবার বাসার তিন রুমে সবাই সবাই ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে বিকট শব্দে তাদের ঘুম ভেঙ্গে যায় এবং তারা অচেতন হয়ে পড়েন। পরে সকালে তারা কেউই উঠতে না পারায় এলাকাবাসীর সন্দেহ হয়। পরে তারা ওই পরিবারের স্বজনদের খবর দিলে তারা দরজা ও জানালার গ্লাস ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায় হাসপাতালে চিকিৎসাধীন একজনের বরাত দিয়ে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এসি বিস্ফোরণ হলে গ্যাস নির্গত হয়ে ভিতরে অবস্থানরত দুজন মারা যান ও তিনজন জ্ঞান হারিয়ে ফেলেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এখন পর্যন্ত ঘটনার বিষয়ে চুড়ান্তভাবে কিছু বলা যাচ্ছে না। মৃতদের লাশ ময়না তদন্তের জন্য ব্যবস্থা নেয়া হচ্ছে।

রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আমির হোসেন জানান, এখানে ভর্তি হওয়া ৩ জন রোগীকে চিকিৎসা দেয়া হচ্ছে। তারা সুস্থ আছেন। এখনো তাদেরকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *