দীর্ঘ ৯ মাস পর দেশের মাটিতে পা রাখলেন বাংলা সিনেমার ‘রাজকুমার’ শাকিব খান। বুধবার দুপুর দেড়টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হন তিনি।
এ সময় তাকে শুভেচ্ছা জানান সকাল থেকেই বিমানবন্দরের বাইরে অপেক্ষারত তার হাজারো ভক্ত-দর্শক। এসময় কিছুটা মুহূর্ত তিনি তাদের সঙ্গে কাটিয়েছেন। সেই মুহূর্ত ধরে রাখতে ভক্তদের সঙ্গে সেলফিও তুলেন নায়ক।
পরে বিমানবন্দর থেকে বেলা আড়াইটার দিকে গুলশানের বাসায় পৌঁছান শাকিব খান। সেখানে গণমাধ্যমের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন এই সুপারস্টার।
তিনি বলেন, এক জীবনে এর চেয়ে পাওয়া কিছু হতে পারে না। যারা শুধু ভালোবাসার টানে আজ দেশের বিভিন্ন জায়গা থেকে এসেছে। এরা ভালোবাসে বলেই শত বাঁধা বিপত্তি পার করে এগিয়ে যাচ্ছি। সবসময় ফ্যানরা আমাকে সাপোর্ট করেছে। তারা না থাকলে আমার অস্তিত্ব থাকতো না।
শাকিব খান বলেন, আমেরিকায় শেষ এক সপ্তাহ যেন মোটেও শেষ হচ্ছিল না। শেষ ৭ দিন আমার কাছে ৭ বছরের মতো মনে হয়েছে। তুর্কিতে ট্রানজিট নেয়ার পর একটু পর পর খোঁজ নিচ্ছিলাম ঢাকা যেতে আর কতসময় বাকি? মনটা ছটফট করছিল ঢাকায় পা রাখার জন্য।
এ সময় ব্যক্তিগত জীবন প্রসঙ্গে নায়ক বলেন, ‘পরিবার চাচ্ছে আমি সেটেল হই। আমার সুন্দর গোছানো কিছু হোক। এবার যা কিছু হবে, পরিবারের পছন্দেই হবে। এখন আর গোপনে কিছুই করবো না। বিয়ে করলে ধুমধাম আয়োজনে সবাইকে জানিয়ে করবো।’
ছেলে আব্রাম খান জয়ের প্রসঙ্গে শাকিব খান জানান, ‘ওর (আব্রাম) সঙ্গে প্রতিনিয়ত ভিডিও কলে কথা হয়েছে। বাবা-মায়ের সঙ্গেও নিয়মিত কথা বলেছি।’
নয় মাস আগে একটি মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দিতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন শাকিব খান। পরে তিনি সেখানে থেকে গ্রিন কার্ডের জন্য আবেদন করেন। সম্প্রতি দেশটির নাগরিকত্ব পেয়েছেন কিং খান।
এ ছাড়া জো বাইডেনের দেশে বসে ‘রাজকুমার’ শিরোনামের একটি ছবি প্রযোজনার ঘোষণা দেন শাকিব। ছবিটি পরিচালনা করবেন হিমেল আশরাফ। ছবির নায়িকা কোর্টনি কফি, যিনি মার্কিন নাগরিক। ছবির কাজের জন্য ফের নভেম্বরে যুক্তরাষ্ট্রে উড়াল দেবেন তিনি।
