বর্তমান সময়ের চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি নিয়মিত চলচ্চিত্রে অভিনয় করে যাচ্ছেন। পাশাপাশি লেখাপড়ায় মনোযোগী তিনি।
চলতি বছর রাজধানীর স্ট্যামফোর্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে ৩.৭৫ পেয়েছিলেন দীঘি। এবার তিনি স্নাতক সম্মানে ভর্তি হয়েছেন।
দীঘি জানান, সম্প্রতি তিনি রাজধানীর ইউল্যাব ইউনিভার্সিটিতে মিডিয়া স্টাডিজ এন্ড জার্নালিজম বিষয়ে ভর্তি হয়েছেন।
ফিল্ম এন্ড মিডিয়া নিয়ে অনেক বেশি জানতে চান, এ কারণে সাংবাদিকতায় ভর্তি হয়েছেন দীঘি। বলেন, এ বিষয়ে যত বেশি জ্ঞান অর্জন করতে পারবো ততো বেশি উন্নতি করতে পারবো। সাংবাদিকতা আমার জন্য এডিশনাল মজার ব্যাপার। ভবিষ্যতে সাংবাদিক হতে চাইলে তখনও করতে পারবো।
দীঘি মনে করেন মিডিয়া স্টাডিজ এন্ড জার্নালিজম বিষয়ে গ্রাজুয়েশন করতে পারা তার জন্য পরিপূর্ণ। তিনি বলেন, বাবাকে বলেছিলাম এই বিষয়ে পড়তে আগ্রহী। সে কারণে তিনি বরাবরের মতো আমার মতামতকে প্রাধান্য দিয়েছেন। আমি যেমন খুশি, বাবাও তেমন আমার খুশিতে খুশি হয়েছেন।
এদিকে, নায়িকার খাতায় নাম লেখানোর পর ‘তুমি আছো তুমি নেই’ ও ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ শিরোনামের দুটি ছবি মুক্তি পেয়েছে দীঘির। এছাড়া চরকিতে মুক্তি পায় তার অভিনীত প্রথম ওয়েব ফিল্ম ‘শেষ চিঠি’। ফিল্মটিতে দারুণ অভিনয় করে দর্শকের কাছ থেকে কুড়িয়েছেন প্রশংসাও।
