এখন আরও ভালোভাবে উড়তে পারব: পরীমণি

মা হয়েছেন পরীমণি। পাঁচ দিন আগে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী। আপাতত একরত্তিকে ঘিরেই দিন কাটছে তাঁর। জীবনের নতুন অধ্যায় শুরু হল অভিনেতা শরিফুল রাজেরও। বাবা হয়েছেন তিনি। বেড়ে গেল দায়িত্ব।

স্ত্রী এবং ছেলেকে নিয়ে সংবাদমাধ্যমকে তিনি বলেন, বাচ্চা এবং পরী এখন সুস্থ আছে। হাসপাতালের বিশেষ কেবিনে আছে ওরা। আমি এবং আমার মা ওদের সঙ্গে থাকছি।

এদিকে প্রথম সন্তানের আগমনের আনন্দে এখনো বুঁদ হয়ে আছেন অভিনেত্রী। তবে সন্তান জন্মের পর স্বামী রাজের সঙ্গে প্রথম কী কথা হয়েছিল পরীর?

জানতে চাইলে রাজ বলেন, ‘হাসিমাখা মুখে আমাকে বলা পরীমনির প্রথম কথা ছিল, ‘এত দিনের জার্নি শেষ হলো। আমি এখন একজন গর্বিত মা। আমার ডানা বেড়ে গেল। এখন আরও ভালোভাবে আকাশে উড়তে পারব।’ ওই সময় তিনি অনেকটাই আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন বলেও জানান রাজ।

অভিনেতা আরও বলেন, ‘পরীমনি মাঝেমধ্যে বলছে, তার নাকি এখনো বিশ্বাস হচ্ছে না, তার সন্তান পৃথিবীতে এসেছে। সে মা হয়েছে। বাচ্চা ও মা পাশাপাশি শুয়ে থাকার এত সুন্দর দৃশ্য দেখে মাঝেমধ্যে তার মনে হয় স্বপ্ন দেখছে।’

গত ১০ আগস্ট রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন পরীমনি। এই অভিনেত্রী তার ছেলের নাম রেখেছেন শাহীম মুহাম্মদ রাজ্য। স্বামী রাজের নামের সঙ্গে মিলিয়ে ছেলের নাম রাজ্য রেখেছেন পরীমনি।

গত বছরের ১৭ অক্টোবর অভিনেতা শরীফুল রাজকে গোপনে বিয়ে করেন আলোচিত-সমালোচিত এই অভিনেত্রী। সেই খবর নায়িকা প্রকাশ করেন চলতি বছরের ১০ জানুয়ারি। সেদিন এক ফেসবুক পোস্টে পরীমনি এও জানান, তিনি রাজের সন্তানের মা হতে চলেছেন। তারপর থেকেই শুরু হয় অপেক্ষা। ১০ আগস্ট শেষ হয় সেই অপেক্ষা।

গত বছরের সেপ্টেম্বরে গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘গুণিন’ ছবিতে প্রথমবার জুটি বেঁধে কাজ করেন পরীমনি ও শরীফুল রাজ। সেখান থেকেই তারা সম্পর্কে জড়ান বলে পরীমনি জানান। নায়িকা এও জানান, মাত্র এক সপ্তাহের পরিচয়ে তিনি মনে করেন, রাজের সঙ্গে সারাটা জীবন কাটানো যায়। ১৯ অক্টোবর তাদের বিয়ে হয়েছিল রাজদের আফতাবনগরের বাসায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *