অভিনয়শিল্পীদের ক্যারিয়ারের ওঠানামা নতুন কিছু নয়। দুর্দান্ত শুরুর পর অনেকেই প্রত্যাশামতো এগিয়ে যেতে পারেন না। কেউ হারিয়ে যান, কেউ ফিরে আসেন প্রবল বিক্রমে।
তবে একবার পিছিয়ে যাওয়ার পার আবার ফিরে এসে চমকে দেওয়া—বাংলাদেশে এমন উদাহরণ কম। তবে গত কয়েক বছরে ‘বাতিল’-এর খাতা থেকে ফিরে এসে মুগ্ধ করেছেন কয়েকজন অভিনয়শিল্পী। যাঁদের মধ্যে প্রথমেই বলা যায় আজমেরী হক বাঁধনের কথা।
অভিনয়ের শুরু ২০০৬ সালে। নিজের অভিনয় নিয়ে একটা সময় হতাশ হয়ে পড়েছিলেন। ওজন ঝরিয়েও বাদ পড়েছিলেন জাজ মাল্টিমিডিয়ার সিনেমা থেকে।
তবে ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমার মাধ্যমে কেবল দেশে নয়, আন্তর্জাতিক অঙ্গনেও দারুণ পরিচিতি তৈরি করে নিয়েছেন তিনি। বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসব থেকে জিতে নিয়েছেন পুরস্কার।
শুধু তাই নয়, প্রথমবারের মতো কাজের সুযোগ পান বলিউডে। বিশাল ভরদ্বাজ পরিচালিত খুফিয়া সিনেমাতে অভিনয় করছেন তিন। সিনেমাটির শুটিং এখনো পুরোপুরি শেষ হয়নি।
জানা গেছে, আগস্টের শেষে অথবা সেপ্টেম্বরের শুরুতে বাকি অংশের শুটিং শুরু হবে। বাঁধন জানান, খুফিয়া সিনেমায় তিনি বাংলাদেশি নারীর চরিত্রে অভিনয় করছেন।
তিনি বলেন, ‘অল্প কিছু শুটিং বাকি আছে। আশা করছি শিগগিরই শুরু করব। এই মাসের শেষে কিংবা আগামী মাসে শুটিং শুরু হবে।’
তিনি আরও বলেন, ‘মানুষ পছন্দ করবে, মানুষের ভালো লাগবে এবং অভিনেত্রী হিসেবে আমারও ভালো লাগবে- এমন কাজই করতে চাই। তবে, আপাতত নতুন কোনো কাজ করছি না। নতুন কাজ করলে অবশ্যই জানাব।’
বলিউডের খুফিয়া সিনেমায় শুটিং করতে বাঁধন গত বছরের অক্টোবরে দিল্লিতে যান। শুটিং চলাকালে সেখানে জন্মদিনও উদযাপন করেন। খুফিয়া প্রযোজনা করছে নেটফ্লিকস। বাঁধন ছাড়াও টাবু, আলী ফজল, আশীষ বিদ্যার্থী এতে অভিনয় করছেন।
