বিদ্যা সিনহা মিম তার সহ-অভিনেতা ইয়াশ রোহানকে চড় দিচ্ছেন। তাও একটি দুটি নয়, একে একে ৯টি চড় দিয়েছেন। চড় খেয়ে ইয়াশ ভয়ার্ত মুখে পেছনে ফিরে আসেন।
চড় দেওয়ার এমনই একটি ভিডিও ক্লিপ ফেসবুকে প্রকাশ করেছে অভিনেত্রী মিম তার ভেরিফাইড একাউন্টে। ভিডিওটি শেয়ার করে মিম সিনেমার পরিচালক রায়হান রাফিকে উদ্দেশ্য করে লিখেন, এই দৃশটা ফেলে দিলা কেন?
ফেসবুকে প্রকাশিত ‘পরাণ’ সিনেমার দৃশ্যটিতে দেখা যায়, বিদ্যা সিনহা মিম সহ-অভিনেতা ইয়াশ রোহানকে চড় দিচ্ছেন। পরিচালকের পছন্দমতো না হওয়ায় তিনবার দৃশ্যটি ধারণ করতে হয়। এতে নয়বার ইয়াশের গালে থাপ্পড় মারেন মিম। কিন্তু সিনেমা মুক্তির পর সেই দৃশ্যটি ‘পরাণ’ সিনেমায় খুঁজে পাওয়া যায়নি।
চড় মারার দৃশ্যটি ছিল বিদ্যা সিনহা মিম ও ইয়াশ রোহানের দেখা হওয়ার প্রথম দৃশ্য। এতে কলেজের কিছু ছেলে ইয়াশকে ক্যাম্পাসে র্যাগ দেয়। তারা বলে, পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে গিয়ে বলতে হবে আই লাভ ইউ। ‘তোমাকে ভালোবাসি’ বলায় মিম ইয়াশকে থাপ্পড় মারেন। ঠিকমতো দৃশ্যটি করতে নয়বার থাপ্পড় মারতে হয়।
মিমের শেয়ার করা সেই ভিডিওতে পরিচালক রায়হান রাফি মন্তব্য করেছেন, ‘তোমাকে আস্তে মারতে বলছিলাম আমি।’ সেখানে ইয়াশও মন্তব্য করেন, ‘আমিও বলেছিলাম আস্তে মারতে।’
মজা করে এসব মন্তব্য করলেও পরিচালক রায়হান রাফি অনেক ভেবেচিন্তেই দৃশ্যটি সিনেমা থেকে বাদ দিয়েছেন। এই পরিচালক বলেন, ‘আমরা আরও অনেক দৃশ্য সিনেমার গল্প ঠিক রাখার কারণে ফেলে দিয়েছি। সিনেমা সম্পাদনার সময় মনে হয়েছে, গল্পে গতি আনার জন্য দৃশ্যটি না থাকলে সিনেমার কোনো ক্ষতি হয় না। দর্শকদের জন্য সিনেমাটির কোনো দৃশ্য যেন ঝুলে না যায়, দর্শক যেন টানটান উত্তেজনার মধ্যে থাকেন, সেসব কারণেই দৃশ্যটি বাদ দিয়েছি।’
পবিত্র ঈদুল আজহায় মুক্তি পায় ‘পরাণ’। ষষ্ঠ সপ্তাহে দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি এখনো গৌরবের সঙ্গে চলছে। এটি অস্ট্রেলিয়ায় মুক্তি পাচ্ছে। সেখানে ১৭টি শো’র কোনো টিকিট নেই। সব কটি হাউসফুল। রাফি জানালেন, দর্শকদের চাহিদা কারণে যুক্তরাষ্ট্র, কানাডা, কাতার, ফিনল্যান্ডসহ শিগগির ১৯ দেশে পর্যায়ক্রমে মুক্তি পাবে।
এদিকে প্রযোজনা সংস্থা লাইভ টেকনোলজিসের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘পরাণ’ মুক্তির একমাসের মধ্যেই ‘ব্লকবাস্টার হিট’ হয়ে গেছে! সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে, এখনো ‘পরাণ’-এর টিকেটের জন্য হাহাকার লেগে আছে! স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ বলছে, বাংলা সিনেমায় এমন দৃষ্টান্ত বিরল! অনেকটা ইতিহাস বলা যায়।
‘পরাণ’ ছবির অন্যতম প্রযোজক ও লাইভ টেকনোলজিসের পরিচালক ইয়াসির আরাফাত বলেন, সবখান থেকে খুব ভালো সাড়া পাচ্ছি আমরা। মুক্তির একমাস এক মাস পার হয়ে এছে কিন্তু দর্শকের উন্মাদনায় মনে হচ্ছে সদ্য মুক্তি পাওয়া ছবি ‘পরাণ’। বাংলা ছবির সুদিন ফিরিয়ে আনতে আমাদের ‘পরাণ’ একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।
তিনি বলেন, আমাদের লগ্নিকৃত টাকার চেয়ে পাঁচগুণ বেশি টাকা উঠে এসেছে। নির্দিষ্ট পরিমাণ এমাউন্ট বলতে পারছি না, তবে যে পরিমাণ অর্থ এসেছে এটা আমাদের ধারণার বাইরে ছিল। সিনেপ্লেক্স থেকে রেকর্ড পরিমাণ লভ্যাংশ পেয়েছি। সিঙ্গেল স্ক্রিনেও হিট। ক্লিয়ার এমাউন্ট জানাতে সময় লাগবে। যে পরিমাণে অর্থ একমাসে তুলতে পেরেছি তাতে আরও ভালোভাবে দুইটা থেকে তিনটা সিনেমা বানাতে পারবো।
