বাবা-মা হয়েছেন ঢালিউডের তারকা দম্পতি শরিফুল রাজ ও পরীমণি। বুধবার (১০ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন পরী
তাদের সন্তানের নাম রাখা রয়েছে শাহীম মুহাম্মদ রাজ্য। বর্তমানে মা ও সন্তান উভয়েই সুস্থ রয়েছেন।
তারকা দম্পতির সন্তান জন্মের পর আত্মীয়-স্বজন ও ইন্ডাস্ট্রির তারকা থেকে শুরু করে শুভাকাঙ্ক্ষীরা সবাই শুভেচ্ছা জানাচ্ছেন পরী-রাজকে। সন্তান জন্মের আগে অনেকে আবার শুভেচ্ছা জানিয়ে উপহারও পাঠিয়েছেন অভিনেত্রীকে।
পরীর সন্তান জন্মের পর অন্যান্য সবার মতো তাদের অভিনন্দন জানিয়েছেন এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী। তবে কেবল অভিনন্দনই নয়, এর বাইরে তাদের উপদেশও দিয়েছেন এই অভিনেতা।
বৃহস্পতিবার (১১ আগস্ট) বেলা পৌনে ১১টার দিকে সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ছবি পোস্ট করে পরী-রাজকে অভিনন্দন জানান ওমর সানী। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, “পরীমণি রাজকে অভিনন্দন।”
তারকা দম্পতিকে উপদেশ দিয়ে ওমর সানী আরও লিখেছেন, “তোমাদের কাছে অনুরোধ, শত ঝড় আসলেও সন্তানের দিকে তাকিয়ে বাকি জীবন একসঙ্গে থাকবে, সন্তানের কোনো অপরাধ নেই।”
সময়ের আলোচিত চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে গেল বছরের ১৭ অক্টোবর বিয়ের আনুষ্ঠানিকতা সারেন পরী। বিয়ের খবরের সঙ্গে বাবা-মা হতে যাওয়ার খবরও প্রকাশ্যে এনেছিলেন তাঁরা।
গিয়াস উদ্দিন সেলিমের ওয়েব ফিল্ম ‘গুণিন’-এর সেটে দুজনের পরিচয় ও প্রেম; তারপর হুট করেই বিয়ে।
