‘দয়া করে ছবিটি বয়কট করবেন না’—নিজের নতুন মুক্তিপ্রাপ্ত ছবি ‘লাল সিং চাড্ডা’র প্রচারে আমির খান যেখানে গিয়েছেন, সেখানেই ঘুরেফিরে এই অনুরোধ করেছেন।
যদিও তাঁর অনুরোধ খুব একটা কাজে আসেনি। ১১ আগস্ট ছবি মুক্তি পাওয়ার পর থেকেই ছবির বিরুদ্ধে ভারতের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া হয়েছে বয়কটের ডাক।
কারিনা কাপুর খান ও আমির খান অভিনীত ‘লাল সিং চাড্ডা’–বিরোধী এ আন্দোলনের কারণ কোনো অঞ্চলে রাজনৈতিক এবং আবার কোনো অঞ্চলে ধর্মীয়।
এবার এ বিষয়ে মন্তব্য করেছেন অভিনেত্রী কারিনা কাপুর। টাইমস অব ইন্ডিয়া বলছে, এক সাক্ষাৎকারে কারিনা দর্শকদের ‘লাল সিং চাড্ডা’ বয়কট না করার অনুরোধ জানান।
তিনি বলেন, দর্শকদের সিনেমাটি বয়কট করা উচিত নয়। কারণ, এটি খুবই চমৎকার একটি সিনেমা। আমি চাই দর্শক আমাকে ও আমিরকে পর্দায় দেখুক। আমরা দীর্ঘ ৩ বছর ধরে সিনেমাটির মুক্তির জন্য অপেক্ষা করেছি।
তিনি দর্শকদের অনুরোধ করে বলেন, দর্শক এটি বয়কট করলে একটি ভালো সিনেমা বয়কট করবেন। প্রায় ২৫০ জন মানুষ আড়াই বছরেরও বেশি সময় ধরে এই সিনেমাতে কাজ করেছেন।
সিনেমাটি বক্স অফিসে প্রথম দিনেই ১১.৫০ কোটি টাকা সংগ্রহ করেছে। অদ্বৈত চন্দন পরিচালিত ‘লাল সিং চাড্ডা’তে আমির খান ও কারিনা ছাড়াও নাগা চৈতন্য ও মোনা সিং অভিনয় করেছেন।





