‘ব্যবসার পরিস্থিতি’ গান ভাইরাল, যা বললেন র‍্যাপার হাসান

‌‘চলো নিরালায়’ আর ‘সাদা সাদা কালা কালা’র চলমান জ্বর ঘাম দিয়ে ছাড়িয়ে দিলো ‘ব্যবসার পরিস্থিতি’ নামের একটি গান। শুক্রবার (১২ আগস্ট) দুপুর থেকে গানটি রীতিমতো ভাইরাল।

যে গানের মধ্য দিয়ে উঠে এসেছে একজন ব্যবসায়ীর করুণ পরিস্থিতি। যে পরিস্থিতির সঙ্গে শ্রোতারাও যেন একাত্মতা প্রকাশ করেছেন। তাই তো হঠাৎ করেই সংগীতবো’মায় পরিণত হলো র‌্যাপ গান ‌‘ব্যবসার পরিস্থিতি’।

শুক্রবার গানটি প্রকাশ করে জি সিরিজ। এটির কথা, সুর ও কণ্ঠ দিয়েছেন নারায়ণগঞ্জের হার্ডওয়্যার ব্যবসায়ী আলী হাসান! ভিডিওতে অভিনয়ও করেছেন নিজেই।

দেড় বছর আগে নিজেদের দোকানে বসে লিখেছিলেন তিনি, গানটা লেখার কাজ শেষ করতে কয়েক মাস লেগেছিল।

আলী হাসান জানান, তিনি নিজেও একজন ব্যর্থ হার্ডওয়্যার দোকানের মালিক। ৮ মাস আগে দোকান বন্ধ করে দিতে বাধ্য হন। সেই অভিজ্ঞতা থেকেই এই গানটি তৈরি করেন।

তিনি বলেন, ‘দুষ্টুমিতে পড়ালেখা করা হয়নি। মধ্যে কিছুদিন ওয়েল্ডিংয়ের কাজ শিখেছি, পরে বিদেশ গেছিলাম। তিন বছর পর দেশে ফিরলাম, আব্বা অসুস্থ হওয়ায় সেই হার্ডওয়্যারের দোকানের হাল ধরলাম। ব্যবসার হাল ধরে যে কী বিপদে আছি। ব্যবসার পরিস্থিতি এত খারাপ। বাটপারি আর চিটারিতে হালাল ব্যবসা আর নাই। ব্যবসা হয়ে গেছে দুই নম্বর। সুদের ব্যবসা এসে দুধের ব্যবসা বন্ধ হয়ে গেছে।’

দোকানের পাশ দিয়ে বয়ে যাওয়ার খালের পাড় সংস্কারের মধ্যে তাঁর দোকানের কিছু অংশ ভাঙা পড়েছে। জমানো অর্থ দোকানের পেছনে ব্যয় করে লোকসানের মুখে ব্যবসাই ছাড়তে হলো। অর্থসংস্থান করতে না পারায় গানটির কাজ কয়েক মাস ধরে আটকে ছিল। মাস তিনেক আগে গানের রেকর্ডিং করেছেন। আর শুটিং করেছেন নারায়ণগঞ্জের আদর্শনগরে এক বন্ধুর দোকানে, গানে বিক্রেতার চরিত্রে অভিনয় করেছেন তিনি।

আলী হাসান বলেন, ‘তখন আমার চিন্তা ছিল, আমি যদি হিপহপ করি, তাহলে আমার জীবনের বাস্তবতা নিয়েই করব। তবে অনেক লোক গোছাইতে সময় লেগেছে, দশ–বারোজন র‍্যাপারকে জোগাড় করতে হয়েছে। গানটা ভাইরালের জন্য করি নাই, আমার বাস্তবতা থেকে লিখেছি।’ গানটি জি–সিরিজের কাছে বিক্রি করেছেন তিনি।

২০১০ সাল থেকে র‍্যাপ গানের সঙ্গে যুক্ত হাসান, বেশ কয়েকটি কনসার্টে গান পরিবেশন করেছেন তিনি। খাসবাংলা নামে একটি ইউটিউব চ্যানেলে ‘ফকিন্নি’ ও ‘ধর মার’ শিরোনামে দুটি র‍্যাপ গান প্রকাশ করেছেন তিনি।

গান নিয়ে সামনে কোনো পরিকল্পনা আছে কি না, জানতে চাইলে আলী হাসান বলেন, ‘আমি আগে জীবনটা সেটেল করব। দেশের ব্যবসা–বাণিজ্যে ধরা খেয়ে ভিসার জন্য দৌড়াইতেছি। বিদেশ যাইতে পারলে নিজের লাইফটা সেটেল করে ফেলব।’

গানটিতে আলী হাসান ছাড়াও কণ্ঠ দিয়েছেন সাদী, মানাম, আমিন আলী, উদয়, রাকিব, মারুফ, সিয়াম ও রিজান। গানটির সংগীত আয়োজন করেছেন সাদি। মিক্স ও মাস্টারিং করেছেন শচি শামস।

গানটির চমৎকার একটি মিউজিক ভিডিও তৈরি করা হয়েছে। যা তৈরি করেছেন নাসিমুল মোরসালিন সাক্ষর। ইশা খান দূরের তত্ত্বাবধানে প্রকাশিত হয়েছে এই র‍্যাপ গানটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *