বর্ষীয়ান চলচ্চিত্র পরিচালক দেলোয়ার জাহান ঝন্টুর রাগ এবার গিয়ে পড়ল নায়িকা মাহিয়া মাহির ওপর। সংবাদকর্মীদের এক প্রশ্নের উত্তরে জানালেন, তিনি থাকলে মাহিকে ঘাড় ধরে বের করে দিতেন।
সরকারি অনুদানে নির্মিত সিনেমা ‘আশীর্বাদ’ মুক্তি উপলক্ষে বৃহস্পতিবার (১১ আগস্ট) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল। এখানে উপস্থিত ছিলেন প্রবীণ নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু। সেখানেই সংবাদকর্মীদের সঙ্গে কথোপকথনের এক পর্যায়ে ম্যাজিক মামনিকে নিয়ে এমন মন্তব্য করেন তিনি।
‘আশীর্বাদে’র শুটিং সেটে সহ প্রযোজক জেনিফারের ফেরদৌসের সহকারীর ওপর বিরক্ত ছিলেন মাহি। একপর্যায়ে জানিয়েছিলেন তাকে বের করে না দিলে ক্যামেরার সামনে দাঁড়াবেন না এই অভিনেত্রী। গণমাধ্যমকর্মীদের সঙ্গে এসব নিয়েই আলোচনা করছিলেন জেনিফার। সেসময় তার পাশে ছিলেন দেলোয়ার জাহান ঝন্টু।
ঘটনাটি তার সঙ্গে ঘটলে তিনি কী করতেন, জানতে চাইলে ঝন্টু বলেন, ‘আমার সঙ্গে এরকম হলে আমি ঘাড় ধরে বের করে দিতাম। সে একজন নায়িকা হয়ে কেন প্রোডাকশন বয়কে নিয়ে এমন শর্ত দেবে। তার আর প্রোডাকশনের ছেলের শ্রেণি কি এক? তার নিজের অবস্থান সম্পর্কে জ্ঞান থাকা উচিত ছিল।’
এ সময় মাহির অভিনয় জীবনের ভবিষ্যৎ নিয়েও মন্তব্য করেন ঝন্টু। এসব আচরণগত সমস্যার কারণে তার ক্যারিয়ার দীর্ঘায়িত হওয়ার সম্ভবনা ক্ষীণ বলে মনে করেন এই নির্মাতা।
তবে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন না মাহি। এই সিনেমার একটি মুখ্য চরিত্রে অভিনয় করেছেন তিনি। সিনেমাটি নির্মাণ করেছেন মোস্তাফিজুর রহমান মানিক। এতে মাহির সঙ্গে জুটি বেঁধেছেন জিয়াউল রোশান। রোশানকেও দেখা যায়নি সংবাদ সম্মেলনে।
জানতে চাইলে প্রযোজক জেনিফারের ফেরদৌস বলেন, ‘আমি এই কনফারেন্স করেছি আমার সিনেমার প্রচারের জন্য, নায়ক-নায়িকার প্রচারণার জন্য আমি রাস্তায় নামিনি। এটা আমাদের অনুদানের সিনেমা। এটা আমার প্রথম সিনেমা, সংবাদ সম্মেলন করছি মূলত পুরো টিমের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। আমি এখানে মাহি বা রোশানের প্রচারণা করতে আসিনি।’
জানা গেছে, মুক্তির তারিখ ঘোষণা করা হলেও নায়ক-নায়িকা কেউই ‘আশীর্বাদ’সিনেমাটির প্রচারণায় অংশ নিচ্ছেন না। এমনকি ফেসবুকেও সিনেমার পোস্টার শেয়ার দিচ্ছেন না। এ কারণে তাদের ওপর ক্ষুব্ধ হয়েছেন প্রযোজক জেনিফার ফেরদৌস। সেই ক্ষোভ থেকে সিনেমার সংবাদ সম্মেলনেও মাহি-রোশানকে ডাকেননি তিনি।
জেনিফার বলেন, ‘নায়ক-নায়িকাকে পারিশ্রমিক দিয়ে সিনেমায় নেয় প্রযোজক। এখন তারা যদি শেয়ার না দেয়, সে কারণে যদি সিনেমা না চলে, তাহলে তো কিছু বলার নেই।’
