ইলহামকে রেখে বিদেশ থাকবেন কীভাবে, চিন্তিত ফারুকী

দেশের শোবিজ অঙ্গনে দুজনেই নামকরা, তবে একজন ক্যামেরার সামনে, আরেকজন ক্যামেরার পেছনে। ক্যামেরার সামনে ও পেছনের যে চিরন্তন মেলবন্ধন, সেটাই বাস্তব জীবনে ঘটেছে তিশা-ফারুকীর। দাম্পত্য জীবনের ১২ বছর কাটিয়ে দিলেন অভিনেত্রী-পরিচালক জুটি।

এদিকে বিয়ের এক যুগে এসে চলতি বছরের ৫ জানুয়ারি তাদের কোল আলো করে এসেছে একটি কন্যা সন্তান। তার নাম রেখেছেন ইলহাম নুসরাত ফারুকী।

দুই থেকে তিন হয়ে তাদের আনন্দের সীমা নেই। একমাত্র মেয়ে ইলহাম নুসরাত ফারুকীর জন্মের পর তাকে ঘিরেই মেতে আছেন এই দম্পতি।

বুধবার (১০ আগস্ট) মধ্যরাতে কানাডার উদ্দেশে দেশ ছেড়েছেন মোস্তফা সরয়ার ফারুকী। আজ (১১ আগস্ট) ইফসা টরন্টোর ওপেনিং শোতে তার সিনেমা ‘নো ল্যান্ডস ম্যান’ দেখানো হবে। আগামী ১৩ আগস্ট দেখানো হবে ‘শনিবার বিকেল’। দুটো শো-তেই থাকবেন তিনি। তার এই সফরে স্ত্রী-কন্যার সঙ্গী হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তিশা আর ইলহাম যায়নি। আর তাই মেয়েকে রেখে দূরে গিয়ে কীভাবে থাকবেন, চিন্তায় পড়েছেন ফারুকী।

এয়ারপোর্টের উদ্দেশে বাসা থেকে বের হওয়ার আগে ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘হঠাৎ করে খেয়াল করে দেখলাম, বিদেশ যাওয়ার সময় বাসা থেকে বের হওয়ার আগে ফোন করে বিদায় নেওয়ার মতো আর কেউ অবশিষ্ট নেই আমার। আগে আম্মা আর আব্বাকে ফোন করতাম! তারপর কমে গিয়ে আব্বা। এবার আর কেউ নেই। তিশাকে বললাম কথাটা। তারপর দুইজন দুইজনের দিকে তাকিয়ে কি যেন ভাবলাম অনেকক্ষণ। এই তো জীবন। কয়েক দশক মাত্র।’

ফারুকী আরও লিখেছেন, ‘টরন্টো যাচ্ছি। খুব আনন্দের সঙ্গে এই লেখাটা লিখার কথা ছিল। কিন্তু সব প্রস্তুতি থাকার পরও তিশা আর ইলহাম শেষ পর্যন্ত যাচ্ছে না। ফলে বাবা-মায়ের জন্য শুরু হওয়া মন খারাপ ইলহামের জন্য গিয়ে ঠেকেছে। এতদিন ওকে স্পর্শ না করে থাকব কীভাবে। আমি আর তিশা না হয় ভিডিও কলে কথা বলব। ও (ইলহাম) বেচারা তো সেটাতেও অভ্যস্ত হয়নি। কারণ, আমরা ওকে মোবাইল থেকে দূরে রাখার চেষ্টা করি। এসব ভাবতে ভাবতে যাত্রার সময় নিকটে আসে! দেখা হবে টরন্টো।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *