রাজিব মজুমদার, মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: বঙ্গবন্ধুর জীবনী নিয়ে গড়া বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমান রেল জাদুঘর এখন মীরসরাইয়ের ঐতিহ্যবাহী চিনকি আস্তানা স্টেশনে অবস্থান করছে। এই জাদুঘরটি দেখতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের ভিড় করছে। শোকের মাস আগস্টে সারাদেশেই ঘুরবে বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমান রেল জাদুঘরটি।
চিনকি আস্তানা স্টেশনে ভ্রাম্যমান রেল জাদুঘরটি বুধবার (১০ আগষ্ট) সকাল ১০টায় উন্মুক্ত করে দেয়া হয়। এসময় জাদুঘরটি পরিদর্শন করেন বারইয়ারহাট পৌরমেয়র রেজাউল করিম খোকন, স্টেশন মাষ্টার মোঃ সিরাজুল ইসলাম, বুকিং সহকারী আবদুল হাই চৌধুরী, পয়েন্টস মেন মোশারফ হোসেন, কাউন্সিল রফিকুজ্জমান বাবুল প্রমুখ।
১০ আগষ্ট সকাল থেকে ৬টা পর্যন্ত এবং ১১ আগষ্ট দুপুর ১টা পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে বলে জানান ভ্রাম্যমান রেলওয়ে যাদুঘরের এটেনডেন্ট সুজন সরকার।
ভ্রাম্যমান রেল জাদুঘরটি দেখতে আসা পৌঢ় মহিউদ্দিন জানান, বঙ্গবন্ধুর জীবনী নিয়ে নানা তথ্য চিত্রে পরিপূর্ণ ভ্রাম্যমান জাদুঘর দেখে খুবই ভালো লাগছে। রেলওয়ের এমন প্রশংসনীয় উদ্যোগ এর মাধ্যমে তরুণ প্রজন্ম বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে বুঝতে পারবে।
জাদুঘর দেখতে আসা মহাজনহাট ফজলুল হক স্কুল এন্ড কলেজের ছাত্র সাগর নাথ জানান, বঙ্গবন্ধু ও বাংলাদেশ একই সূত্রে গাঁথা। ভ্রাম্যমান যাদুঘরে বঙ্গবন্ধু বিভিন্ন প্রামাণ্য চিত্র দেখে সত্যি মুগ্ধ হয়েছি। রেলওয়ের এমন উদ্যোগের ফলে আমরা ইতিহাস সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম।
চিনকি আস্তানা স্টেশন মাস্টার মোঃ সিরাজুল ইসলাম জানান, বঙ্গবন্ধু ও মুুক্তিযুদ্ধের বিভিন্ন তথ্য চিত্রে দৃষ্টিনন্দন জাদুঘরটি আলোকসজ্জা ও সুদৃশ্য ইন্টেরিয়রের ডিজাইনের মাধ্যমে সাজানো হয়েছে। শীতাতপ নিয়ন্ত্রিত কামরায় ছোট পরিসরে তৈরি করা হয়েছে ফুলের বাগান। যখন যে স্টেশনে যাবে, সেখানে প্রতিদিনই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দর্শনার্থীরা এতে প্রবেশ করতে পারবেন। জানতে পারবেন বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের অনেক অজানা ইতিহাস।
