সব সময় নানা আলোচনা-সমালোচনায় থাকা হিরো আলম আবারও নতুনভাবে আলোচনার জন্ম দিয়েছেন। কিছুদিন আগে রবীন্দ্র সংগীত গান তিনি।
এই গান বিকৃতভাবে গাওয়ার অভিযোগে পুলিশ তাকে ধরে নিয়ে যায় এবং আর কখনো রবীন্দ্র-নজরুল সংগীত গাইবে না মর্মে মুচলেকা নিয়ে ছেড়ে দেয় বলে অভিযোগ করেন হিরো আলম।
এরপর থেকে গণমাধ্যমে বিষয়টি নিয়ে সরব হয়ে ওঠে তিনি। তার এই খবর দেশ ছাড়িয়ে বিদেশের গণমাধ্যমেও পৌঁছে গেছে। সম্প্রতি বিবিসি ও সৌদি গণমাধ্যম তাকে নিয়ে সংবাদ পরিবেশন করেছে।
উদ্ভট সব কর্মকান্ড করে প্রায়ই লাইম লাইটে আসেন বগুড়ার আশরাফুল আলম। বেসুরো গলায় রবীন্দ্রসংগীত গেয়ে এরই মধ্যে হিরো আলম নজরে এসেছেন সৌদি আরবের গণমাধ্যম আরব নিউজে।
বৃহস্পতিবার আরব নিউজ হিরো আলমকে নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করে। ‘পুলিশের তোপের মুখে বেসুরো বাংলাদেশি সোশ্যাল মিডিয়া স্টার’ শিরোনামে ওই প্রতিবেদনে হিরো আলমের সম্প্রতি পুলিশের কাছে মুচলেকা দেওয়ার বিষয়টি তুলে ধরা হয়েছে।
হিরো আলমের বিপুলসংখ্যক ফলোয়ারের বিষয়টি উল্লেখ করে ওই প্রতিবেদনে বলা হয়েছে, বেসুরো বাংলাদেশি গায়ককে পুলিশ তুলে নিয়ে ক্ল্যাসিকাল গানের বেদনাদায়ক উপস্থাপনা বন্ধ করতে বলেন।
ওই প্রতিবেদনে আরও বলা হয়, বগুড়ায় জনপ্রিয়তা পাওয়ার পরই ‘হিরো’ নাম নেন তিনি। হিরো আলম বলেন, আমার নিজেকে একজন নায়কই মনে হয়। তাই আমি হিরো আলম নাম নিয়েছি। যাই হোক না কেন আমি এই নাম বদলাবো না।
এদিকে, কখনো রবীন্দ্র সংগীত ও নজরুলগীতি গাইবেন না বলে মুচলেকা দেওয়ার পর ‘আমার জেল হবে না ফাঁ’সি হবে’ শিরোনামে নতুন গান গেয়েছেন হিরো আলম।
অন্যের গান না গাইলেও ভক্তদের জন্য মৌলিক গান করে যাবেন বলে জানিয়েছেন হিরো আলম। তিনি বলেন, যাদের ভালো না লাগে তারা আমার গান না শুনলেই হয়।
তিনি আরও বলেন, আমি শুধু গান নয়, যে কোনো কন্টেন্ট তৈরির সময় সতর্ক থাকব। আসলে আমার কণ্ঠটাই এমন।
অন্যদিকে এএফপি, বিবিসি, নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস, ইন্ডিয়াটাইমস, এবিপি আনন্দ, ডেইলি সাবাহ, লাইভমিন্ট, এআরওয়াইনিউজ, আনন্দসহ আরও বেশ কয়েকটি বিদেশি গণমাধ্যমে হিরো আলমকে নিয়ে সংবাদ প্রকাশ হয়েছে।
