৫ লিটারে তেল কম দিচ্ছিল ৩৭০ মিলিলিটার!

এ এম উবায়েদ, স্টাফ করেসপন্ডেন্ট: কিশোরগঞ্জ সদর উপজেলার দুইটি পেট্রলপাম্পে তেল পরিমাপে কম দেওয়ার প্রমাণ পেয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পরে ওই দুই পাম্পকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।

রবিবার দুপুরে অভিযান চালিয়ে এ জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের কিশোরগঞ্জের সহকারী পরিচালক হৃদয় রন্জ্ঞন বণিক।

এ সময় সহযোগিতায় ছিলেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর শংকর চন্দ্র পাল এবং এবং জেলা পুলিশের উপপরিদর্শক বদিউজ্জামানের নেতৃত্বে একটি তদারকি টিম।

অভিযানকালে পাবইকান্দি হিমু ফিলিং স্টেশনে পেট্রোল, অকটেন এবং ডিজেল পরিমাপ করা হয়। এতে দেখা যায় প্রতি ৫ লিটারে পেট্রোল ২২০ মিলিলিটার, অকটেনে ৮০ মিলিলিটার এবং ডিজেলে ৫০ মিলিলিটার ভোক্তাদের কম দেওয়া হচ্ছে।

অন্যদিকে নান্দলা জালিয়াপাড়ায় গোল্ডেন অয়েল কোং এন্ড ফিলিং স্টেশনে পেট্রোলে ৩৭০ মিলিলিটার, অকটেনে ৩৭০ মিলিলিটার করে ভোক্তাদের পরিমাপে কম দেওয়া হচ্ছে।

প্রতিশ্রুত পরিমাপ অপেক্ষা কম পরিমাপে পেট্রোল, ডিজেল, অকটেন সরবরাহ তথা পরিমাপে কারচুপির জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী মেসার্স হিমু ফিলিং স্টেশনকে ১ লাখ ৫০ হাজার টাকা এবং গোল্ডেন অয়েল কোং এন্ড ফিলিং স্টেশনকে ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদন্ড আরোপ ও আদায় করা হয়।

এছাড়াও এ সময় জামান ফিলিং স্টেশন এবং বৈশাখী ফিলিং স্টেশন এ জ্বালানি তেলের পরিমাপ তদারকি করা হয়। তাতে কোন অসঙ্গতি পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *