ফিল্মে বন্ধুত্বের কোনো মূল্য নেই, বলেছিলেন নায়ক মান্না

বাংলা চলচ্চিত্রের ‘মহানায়ক’ বলা হয় তাকে। এই উপাধি তার ভক্তরাই তাকে দিয়েছিল। আকস্মিক ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি ভক্ত অনুরাগীদের মন ভেঙে না ফেরার দেশে চলে যান নায়ক মান্না।

মান্নাকে হারানোর এক যুগ পেরিয়ে গেলেও আজও তার জনপ্রিয়তার এতটুকু ঘাটতি হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে তা বেশ বোঝা যায়। মাঝে মাঝেই চোখে পড়ে তার অভিনীত বিভিন্ন সিনেমা ও সাক্ষাৎকারের অংশবিশেষ।

আজ রোববার বিশ্বজুড়ে পালিত হচ্ছে বন্ধু দিবস। জীবদ্দশায় এই নায়ক বন্ধুত্ব নিয়ে কিছু অপ্রিয় কথা বলেছিলেন। তিনি জানিয়েছিলেন, চলচ্চিত্রাঙ্গনে কেউ কারও বন্ধু না। এখানে প্রদর্শিত আন্তরিকতা বা হাসি-আনন্দ সব মেকি। টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে কথাগুলো বলেছিলেন তিনি।

অপি করিমের উপস্থাপনায় সেই সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাবে চলচ্চিত্রাঙ্গনকে স্বার্থপর দাবি করে মান্না বলেন, ‘পৃথিবীতে সবচেয়ে স্বার্থপর জায়গা বলে যদি কিছু থাকে তবে তা চলচ্চিত্রাঙ্গন। এখানে আমরা সবাই কমার্শিয়াল। হৃদয়, প্রেম, ভালোবাসা বন্ধুত্ব সব মেকি এখানে।’

এরপর বন্ধুত্ব নিয়ে এই অভিনেতা বলেন, ‘ফিল্মে বন্ধুত্বের কোনো মূল্য নেই। আমার কোনো বন্ধু নেই এখানে। চলচ্চিত্রের কেউ যদি বুকে হাত দিয়ে বলেন, আমরা সবাই এক পরিবার তবে সেটা হবে সবচেয়ে বড় মিথ্যা। কারণ এখানে সবাই স্বার্থ নিয়ে চলেন।’

তবে এই স্বার্থপরতার ভীড়েও একজন বন্ধু খুঁজে পেয়েছেন উল্লেখ করে মান্না বলেন, ‘শোবিজে আমার একজন বন্ধু আছে। তিনি ফাইট ডিরেক্টর মোসলেম ভাই। আমার সুখে, দুঃখে, হাসি, আনন্দে পাশে থাকেন। আমাদের মধ্যে স্বার্থ বলে কিছু নেই। সেকারণেই এই মানুষটা আমার পরিবারের একজন সদস্য।’

শুধু বন্ধু দিবসে নয়, মাঝে মাঝেই মান্নার সাক্ষাৎকারের এই অংশটুকু নেট দুনিয়ায় ঘুরে বেড়ায়। তাছাড়া অভিনয়শিল্পীদের অনেকেই মান্নার এই উক্তি বিভিন্ন সময় তুলে ধরেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অনন্ত জলিল বলেছেন, চলচ্চিত্রের সবাই দেখানোর চেষ্টা করে যে, আমরা আসলে একটা ফ্যামিলি। এটা হান্ড্রেট পার্সেন্ট মিথ্যা কথা। তার প্রমাণ তো আপনারা পেয়েছেনই।

তিনি বলেন, আমি যখন সিনেপ্লেক্সে এই কথাটা বললাম, তারপর আমাকে একজন মান্না ভাইয়ের কথাটা শেয়ার করল। অর্থাৎ মান্না ভাইও সেইম কথাই বলে গেছেন। আমি কিন্তু আমার পেইজে আমার কথাটা শেয়ার করেছি। উনি কত আগে বলে গেছেন, আমি তো এখন বলছি। উনি অনেক গুণি শিল্পী। উনিই বলে গেছেন চলচ্চিত্র এক ফ্যামিলি এই কথাটি মিথ্যা। তবে আমি এতদিন ভুল জায়গায় ছিলাম বা ভুল বুঝেছিলাম যে, চলচ্চিত্র একটা ফ্যামিলি। আমাদের আসলে মান্না ভাইয়ের কথাটা ফলো করা উচিত। চলচ্চিত্র আসলেই একটা ফ্যামিলি না। এখানে হাজারো মুখ, হাজারো ফ্যামিলি। এখানে সবাই নিজের চিন্তা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *