Home দেশের খবর বাকিতে ফ্লেক্সিলোড না দেয়ায় দোকানে স্বেচ্ছাসেবকলীগ নেতার হামলা

বাকিতে ফ্লেক্সিলোড না দেয়ায় দোকানে স্বেচ্ছাসেবকলীগ নেতার হামলা

0
115

সাইফুল ইসলাম মুকুল, রংপুর ব্যুরো- রংপুর মহানগরীর বিনোদপুর রেলগেট এলাকায় বাকিতে ফ্লেক্সিলোড না দেয়ায় স্থানীয় ১৫ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ নেতা ফারুক হোসেন কর্তৃক একটি দোকানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনার বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে ব্যবসায়ীরা।

 

রবিবার (০৮ নভেম্বর) বিকেলে বিনোদপুর রেলগেট এলাকায় মহাসড়ক অবরোধ করে ব্যবসায়ীরা বিক্ষোভ করতে থাকে। এতে দুইপাশে শতশত যানবাহন আটকা পড়ে যায়। পরে পুলিশ এসে ফারুককে গ্রেফতারের আশ্বাস দিলে ব্যবসায়ীরা অবরোধ তুলে নেয়।

 

ব্যবসায়ীদের অভিযোগ, শনিবার সন্ধায় আনিছুর টেলিকমে ৩১৫ টাকা ফ্লেক্সিলোডের জন্য লোক পাঠায় স্থানীয় স্বেচ্ছাসেবকলীগ নেতা ফারুক। দোকানী বাকিতে ফ্লেক্সিলোড দিতে আপত্তি করার খবর পেয়ে ফারুক এসে মোবাইল, কম্পিউটারসহ দোকানে ভাংচুর চালায়। এ ঘটনার প্রতিবাদ, হামলাকারীকে গ্রেফতার ও ব্যবসায়ীদের নিরাপত্তার দাবিতে সকাল থেকে ওই এলাকার দোকানপাট বন্ধ করে দিয়ে ব্যবসায়ীরা মহাসড়ক অবরোধ করে।

 

হামলার শিকার দোকানি আনিছুর রহমান জানান, তিনি স্বেচ্ছাসেবক লীগ নেতা ও ঠিকাদারীর প্রভাব খাটিয়ে প্রতিনিয়তই বাকি নেন। কিন্তু টাকা দিতে গড়িমসি করেন। আমি বাকি দিতে না চাওয়ায় আমার ওপর ও দোকানে হামলা চালিয়ে আমার প্রায় ২২ লাখ টাকার ক্ষতি করেছেন। আমাকে অকথ্যভাষায় গালিগালাজ করেছেন। বিষয়টি জানিয়ে আমি থানায় এজহার দিয়েছি। আমি এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি এবং আমার নিরাপত্তা চাই।

 

তাজহাট থানার ওসি আখতারুজ্জামান প্রধান জানান, অবরোধের খবর পেয়ে আমরা সেখানে যাই। ঘটনার তদন্ত ও সূষ্ঠু আইনি পদক্ষেপের আশ্বাস দিলে ব্যবসায়ীরা অবরোধ তুলে নেন। এখন মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here