প্রেম- থেকে বিবাহ, দাম্পত্য থেকে বিচ্ছেদ শ্রাবন্তী চট্টোপাধ্যায় যেন টলিপাড়ার ওপেন সিক্রেট। টলিপাড়ার মিষ্টি নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায় এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।
বিবাহ বিচ্ছেদ না হলেও অভিনেত্রীর তৃতীয় স্বামী রোশন এখন অতীত। তৃতীয় বিয়ে ভাঙার গুঞ্জনের মধ্যেই সবার চোখ যেন শ্রাবন্তীর উপরে। শ্রাবন্তীকে নিয়ে চর্চার যেহেতু শেষ নেই তাই নতুন কোন খবর হলেই সকলে যেন হামলে পড়েন।
অভিনত্রীর কাজ নিয়ে যত না চর্চা হয়, তার চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে অনেক বেশি চর্চা হয়। সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছিল, বাইপাসের ধারে শ্রাবন্তীর আরবানারই বাসিন্দা পেশায় ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গেই নাকি প্রেম করছেন শ্রাবন্তী।
অভিরূপের সঙ্গে বিভিন্ন পার্টি ও ডেটে দেখা গেছে শ্রাবন্তীকে। এমনকি তারা একসঙ্গে বিদেশ ভ্রমণে গেছেন বলেও শোনা যায়। যদিও এসব নিয়ে তারা কেউই কখনো কথা বলেননি।
অবশেষে এই প্রথমবার অভিরূপকে নিয়ে মুখ খুললেন শ্রাবন্তী। জানালেন, অভিরূপের সঙ্গে তার সম্পর্ক কেমন। প্রেমের কথা স্বীকার না করলেও অভিনেত্রী জানান, অভিরূপ তার খুব ভালো বন্ধু। কলকাতার এক গণমাধ্যমের সাক্ষাৎকারে পেশা ও ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেছেন তিনি। সেখানেই আসে প্রেমিক অভিরূপের প্রসঙ্গ।
শ্রাবন্তী বলেন, ‘মানুষ হিসেবে খুব ভালো, পরিবারের দিকে খুব নজর রাখে, যা আমার সবচেয়ে ভালো লাগে। আর বন্ধু হিসেবে ভীষণ ভালো। আমি মনের কথা বলতে পারি।’
তবে অভিরূপের একটি ব্যাপার শ্রাবন্তীর পছন্দ নয়। সেটা হলো আলস্য। শ্রাবন্তী বলেন, ‘ওর যেটা আমার খারাপ লাগে তা হলো, কাজের পর খুব ল্যাদ খায়; জিম করতে বলি, তাও করে না।’
অভিরূপের পরিবারের সঙ্গেও শ্রাবন্তীর চমৎকার সম্পর্ক। সে কথা জানিয়ে তিনি বলেন, ‘অভিরূপ, ওর পরিবার, ওর বন্ধুরা এখন আমার পাশে থাকে। শহুরে অনেকে আছে; খুব ভালো একটা গ্রুপ পেয়েছি। এখন খুব ভালো আছি।’
