গত কোরবানির ঈদে মুক্তি পেয়েছে রায়হান রাফী পরিচালিত সিনেমা ‘পরাণ’। এখনো দেশজুড়ে সাফল্যের সঙ্গে প্রদর্শিত হচ্ছে এটি। সিনেমা হলগুলোতে দর্শকের ভিড় লেগেই আছে। বহুদিন পর দেশের সিনেমায় এমন দর্শকের জোয়ার দেখা যাচ্ছে।
এই জোয়ারে ছুটে আসছেন তরুণ-যুবক থেকে বৃদ্ধরাও। কিন্তু বুধবার (৩ আগস্ট) রাজধানীর মিরপুরে অবস্থিত স্টার সিনেপ্লেক্সের সনি স্কয়ার শাখায় লুঙ্গি পরে আসায় এক বৃদ্ধকে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে লুঙ্গি পরা সেই ব্যক্তির ছবি ও ভিডিও। ছবি ও ভিডিওগুলো নিজেদের ওয়ালে শেয়ার করেছেন ‘পরাণ’ নির্মাতা রায়হান রাফী, চিত্রনায়ক শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম সহ টিমের অনেকে।
শুধু পরাণ সংশ্লিষ্টরাই নন, সাধারণ সিনেপ্রেমীরাও এমন ঘটনার নিন্দা জানাচ্ছেন। সিনেমা দেখতে কেন ‘ড্রেস কোড’ লাগবে, এমন প্রশ্নও তুলছেন অনেকে। তারই প্রেক্ষিতে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি একটি বিবৃতি দিয়েছে।
তাদের সেই বিবৃতি হুবহু তুলে ধরা হলো-
‘আমরা স্পষ্ট করতে চাই যে, স্টার সিনেপ্লেক্স গ্রাহকদের প্রতি কোনো বৈষম্য করে না; অন্তত একজন ব্যক্তির পোশাকের ওপর ভিত্তি করে। আমাদের সংস্থায় এমন কোনো নীতি বিদ্যমান নেই যা একজন ব্যক্তিকে লুঙ্গি পরা বেছে নেওয়ার কারণে টিকিট কেনার অধিকারকে অস্বীকার করবে।
আমরা জোর দিয়ে বলতে চাই, আমাদের সিনেমা হলে তাদের পছন্দের সিনেমা দেখার জন্য সবাইকে স্বাগতম। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ঘটনাটি সম্ভবত একটি দুর্ভাগ্যজনক ভুল-বোঝাবুঝির ফলাফল। আমরা এমন একটি ঘটনা ঘটতে দেখে গভীরভাবে মর্মাহত এবং এটি আমাদের নজরে আনার জন্য সংশ্লিষ্ট পক্ষের প্রতি কৃতজ্ঞ।
আমরা স্টার সিনেপ্লেক্সে গ্রাহকদের সেরা সিনেমাটিক অভিজ্ঞতা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। সেই সঙ্গে আমরা এই ব্যক্তিকে তার পরিবার নিয়ে সনি স্কয়ার শাখায় ‘পরাণ’ দেখার জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানাতে চাই। আমরা এই ঘটনাটি তদন্ত করছি। কারণ, আমরা কথা বলছি যাতে ভবিষ্যতে এই ধরনের ভুল-বোঝাবুঝি না ঘটে। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।’।
