বহুল আলোচিত টিভি সিরিয়াল ‘ব্যাচেলর পয়েন্ট’। ২০১৯ সালের শেষের দিকে সিরিয়ালটির প্রথম সিজনের সম্প্রচার শুরু হয় বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলা ভিশনে। পাশাপাশি এটি মুক্তি পায় ধ্রুব টিভির ইউটিউব চ্যানেলে। তার পরের গল্প কারো অজানা নয়। জনপ্রিয় এই ধারাবাহিকের নির্মাতা কাজল আরিফিন অমি।
এবার বাতাসে ভেসে বেড়াচ্ছে সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন আরিফিন অমি। এই গুঞ্জনের সূত্রপাত তার একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে। তিনি লিখেছেন—‘সিনেমা।’ এ প্রতিবেদন লেখা পর্যন্ত পোস্টটিতে রিঅ্যাক্ট পড়েছে ১০ হাজার। মন্তব্য রয়েছে প্রায় ৬০০টি।
শোবিজ অঙ্গনের একঝাঁক তারকা মন্তব্য করে অমির নতুন যাত্রাকে অভিনন্দন ও শুভ কামনা জানিয়েছেন। এমনসব কাছের মানুষ অভিনন্দন জানাচ্ছেন যাতে করে নিশ্চিত হওয়া যায় যে অমি এবার সিনেমা নির্মাণে যাচ্ছেন। কিন্তু সিনেমা বানাবেন কিভাবে, একেবারে নতুনভাবে নাকি ব্যাচেলর পয়েন্টকে কেন্দ্র করে নির্মাণ হবে সিনেমা? ধারাবাহিক কেন সিনেমা হবে- এমন প্রশ্নও রয়েছে। কিন্তু এর ব্যাখ্যাও রয়েছে।
আলোচিত ধারাবাহিকটির তৃতীয় এপিসোড শেষ হবার পরে দর্শকদের মাঝে ছড়িয়ে পরেছিল এরপরে নতুন সিজন না এসে সিনেমা তৈরি হতে পারে। অবশ্য কাজল আরেফিন অমিও এক সাক্ষাৎকারে বলেছিলেন, ব্যাচেলর পয়েন্টের নতুন সিজন আসবে নাকি সিনেমা আসবে তা এখনই বলা যাচ্ছে না।
এ বিষইয়ে কাজল আরেফিন অমি মুখ খুলছেন না, এখনই বলতে চাইছেন না কিছুই। তবে নাম যাই হোক, অমি সিনেমা বানাচ্ছেন এটা সত্য। কারণ অমি আরেকটি ইঙ্গিত দিয়ে রেখেছিলেন ৩১ জুলাই। ওই দিন তিনি ফেসবুকে একটি ছবি পোস্ট করে লিখেছিলেন, ‘ব্যয়বহুল ছবি। ’ ওই ছবিতে ধ্রুব টিভির কর্ণধার ধ্রুব গুহ, মোশন রকের কর্ণধার মাসুদুল হাসান, ক্লাব এলিভেনের কর্ণধার আকবর হায়দার মুন্না।
অবশ্যই এই ছবিটি ব্যয়বহুল। কারণ ব্যয়বহুল আলোচনার পরেই ছবিটি তোলা হয়েছে। এখন সময়ের অপেক্ষা।
