মাস ধরে যুক্তরাষ্ট্রে আছেন ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান। কিছুদিন আগে তিনি দেশটিতে স্থায়ী বসবাসের জন্য গ্রিনকার্ড পেয়েছেন। রোজার ঈদে তার দেশে আসার কথা ছিল, আসেনি। এরপর কোরবানির ঈদেও আসতে চেয়েছিলেন। কিন্তু এবারও আসেননি। ফের দেশে আসার কথা জানালেন কিং খান।
শুধু তাই নয়, ইতিমধ্যে বিমানের টিকিটও কেটে ফেলেছেন এই অভিনেতা। জানা গেছে, সবকিছু ঠিকঠাক থাকলে ১৫ আগস্ট সকালে ঢাকায় ফিরবেন শাকিব খান। দেশের একটি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন নায়ক নিজেই।
শাকিব জানান, ‘হঠাৎ পেছন ফিরে দেখি, যুক্তরাষ্ট্রে ৯ মাস থাকা হয়ে গেল! এই আমি এত লম্বা সময় কোথাও ছিলাম না। কীভাবে এত লম্বা সময় পার হয়ে গেল, টেরই পাইনি।’
গ্রিনকার্ড পাওয়া নিয়ে প্রশ্নে এই সুপারস্টার বলেন, ‘যুক্তরাষ্ট্রে এত লম্বা সময় থাকার পেছনে গ্রিন কার্ডের ইস্যু যেমন ছিল, তেমনি বাংলাদেশি চলচ্চিত্রের ডিস্ট্রিবিউশন ও চলচ্চিত্রের বাজার সম্প্রসারণে অনেকের সঙ্গে আলাপ করেছি। কীভাবে দেশের চলচ্চিত্রকে নিয়ে আরও বড় পরিসরে এগিয়ে যাওয়া যায়, সেসব নিয়ে অনেক ধরনের পরিকল্পনা করেছি। চেষ্টা করে যাব, ভবিষ্যতে সমমনা সবাইকে নিয়ে এসবের বাস্তবায়ন করতে।’
জানা গেছে, নিউইয়র্ক স্থানীয় সময় ১৩ আগস্ট রাত সাড়ে ১১টায় শাকিব খান বাংলাদেশে ফেরার উদ্দেশ্যে বিমানে চড়বেন। প্রথমে নিউইয়র্ক থেকে ইস্তাম্বুলে পৌঁছাবেন। এরপর আড়াই ঘণ্টার যাত্রাবিরতি। ইস্তাম্বুল থেকে ঢাকায় ফিরতে ফিরতে ১৫ আগস্ট সকাল ৬টা।
