ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান গত বছরের নভেম্বর থেকে রয়েছেন যুক্তরাষ্ট্রে। এই প্রথম দেশ ছেড়ে এতদিন বিদেশে রয়েছেন তিনি। এর কারণ- গ্রিন কার্ড। হ্যাঁ, যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেয়েছেন কিং খান।
এবার দেশে ফেরার পালা। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে থেকে আগামী ১৫ আগস্ট ঢাকায় ফিরবেন শাকিব। ইতিমধ্যে বিমানের টিকিটও কেটে ফেলেছেন এই অভিনেতা।
আজ সোমবার (০১ আগস্ট) নিউইয়র্কে থেকে দেশের একটি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন শাকিব। সেখানেই শাকিব জানান, সবকিছু ঠিকঠাক থাকলে ১৫ আগস্ট সকালে তিনি ঢাকায় ফিরছেন।
শাকিব খানের পারিবারিক সূত্রে জানা গেছে, নিউইয়র্ক স্থানীয় সময় ১৩ আগস্ট রাত সাড়ে ১১টায় তিনি বাংলাদেশে ফেরার উদ্দেশ্যে বিমানে চড়বেন। প্রথমে নিউইয়র্ক থেকে ইস্তাম্বুলে পৌঁছাবেন। এরপর আড়াই ঘণ্টার যাত্রাবিরতি। ইস্তাম্বুল থেকে ঢাকায় ফিরতে ফিরতে ১৫ আগস্ট সকাল ৬টা।
শাকিব জানান, ‘হঠাৎ পেছন ফিরে দেখি, যুক্তরাষ্ট্রে ৯ মাস থাকা হয়ে গেল! এই আমি এত লম্বা সময় কোথাও ছিলাম না।’ এত লম্বা সময় কীভাবে পার হয়ে গেল, টেরই পাননি বলে জানান শাকিব খান।
গত বছর ১২ নভেম্বর নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন শাকিব খান। চ্যানেল আইয়ের মিউজিক অ্যাওয়ার্ডে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত হয়ে সেখানে যান এ ঢালিউড তারকা।
ঢাকায় ফেরার পর শাকিব খান সরকারি অনুদান পাওয়া ছবি ‘মায়া’এর কাজ শুরু করবেন।
