নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি- অক্টোবরের শেষ থেকে শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘার দেখা মিলে পঞ্চগড় জুড়ে। তবে তেঁতুলিয়ার ডাকবাংলো কিংবা জিরো পয়েন্ট থেকে হিমালয়ের দ্বিতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার স্পষ্ট দেখা মিলে। এই বছর অক্টোবরের শেষ দিকে কাঞ্চনজঙ্ঘা স্পষ্ট হতে থাকে পঞ্চগড়বাসীর কাছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে কাঞ্চনজঙ্ঘার ছবি ভাইরাল হওয়ায় এই সময় পর্যটকদের ভিড় বাড়তে থাকে তেঁতুলিয়ায়। তবে বুধবার হঠাৎ করে পঞ্চগড়ে শীতের পদধ্বনি সাথে কুয়াশা বাড়ায় কাঞ্চনজঙ্ঘা চলে গেছে আড়ালে।
কাঞ্চনজঙ্ঘার মোহনীয় রূপ থেকে তাই বঞ্চিত হচ্ছেন বাইরের জেলাগুলো থেকে আগত পর্যটকরা। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের দেয়া তথ্য অনুযায়ী আগামী সাত দিন কাঞ্চনজঙ্ঘার দেখা মিলবে না।
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ ডিগ্রি সেলসিয়াস। গত বৃহস্পতিবার তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হলেও আজ তা ২ ডিগ্রি বেড়ে যায়।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, গত বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত (২৯, ৩০ ও ৩১ অক্টোবর) টানা ৩ দিন আকাশ পরিষ্কার থাকায় কাঞ্চনজঙ্ঘা দেখা গেলেও রোববার (১ নভেম্বর) থেকে দেখা যাচ্ছে না কাঞ্চনজঙ্ঘা।
