ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস অসংখ্য জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন। অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেছেন। তার প্রযোজিত ‘লাল শাড়ি’ সিনেমার সঙ্গে যুক্ত হলো ফ্যাশন হাউজ বিশ্বরঙ।
শনিবার (৩০ জুলাই) ‘লাল শাড়ি’ সিনেমার সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হন বিশ্বরঙের কর্ণধার বিপ্লব সাহা। এ সময় সিনেমাটির প্রযোজক অপু বিশ্বাসও উপস্থিত ছিলেন।
সম্প্রতি সিনেমাটি সরকারি অনুদান পেয়েছেন অপু বিশ্বাস। চলচ্চিত্র নির্মাণের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে তাকে ৬৫ লাখ টাকা পেয়েছেন তিনি। গত ২০ জুলাই মন্ত্রণালয়ের সভাকক্ষে অপু বিশ্বাসের হাতে অনুদানের চেক তুলে দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব।
‘লাল শাড়ি’ সিনেমাটি নির্মাণ করছেন বন্ধন বিশ্বাস। প্রযোজনার পাশাপাশি এতে অপু অভিনয়ও করবেন। তবে তার বিপরীতে কে অভিনয় করবেন তা এখনো জানা যায়নি।
মফস্বলের একটি তাঁতপল্লিকে ঘিরে সাজানো হয়েছে ‘লাল শাড়ি’র গল্প। সিনেমাটি নিয়ে অপু বিশ্বাস বলেন, ‘বাঙালির আবেগের সঙ্গে মিশে আছে লাল শাড়ি। এটি সিনেমায় রূপক অর্থে ব্যবহার করা হয়েছে। একটি শাড়ি যে সংগ্রাম ও ভালোবাসার প্রতীক হয়ে উঠতে পারে, তা-ই দেখানো হবে সিনেমায়।’
প্রযোজনায় আসার কারণ ব্যাখ্যা করে অপু বিশ্বাস বলেন, ‘অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছি। এ অঙ্গনের জন্য কিছু করতে মন চাইবে, এটাই স্বাভাবিক। সময়-সুযোগ হয়ে উঠছিল না। গত বছরও অনুদানের সিনেমার জন্য আবেদন জমা দিয়েছিলাম। অনুদান পাইনি। এবার পেয়েছি। অনেকেই আমাকে প্রশ্ন করেছেন, হঠাৎ কেন প্রযোজনায় এসেছেন? কারণ তো অবশ্যই আছে। যেদিন সিনেমাটির মহরত হবে, সেদিনই পুরো বিষয়টি খুলে বলব। আমার প্রতি দর্শকের প্রত্যাশা বেশি। প্রথম প্রযোজনা, সেই জায়গা থেকে ভালো কিছু দেওয়ার চেষ্টা থাকবে।’
