উচ্ছ্বসিত বাঁধন

দেশের প্রেক্ষাগৃহে শুক্রবার মুক্তি পেয়েছে আলোচিত সিনেমা ‘হাওয়া’। মুক্তি উপলক্ষে প্রচারণার ধারাবাহিকতায় ‘হাওয়া’র কলাকুশলীরা হাজির হয়েছিলেন বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্স শাখায় প্রথম শো দেখতে।

এদিন গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সিনেমা নিয়ে কথা বলেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরি হক বাঁধন। সেসময় তার সঙ্গে ছিল তার কন্যা সায়রা।

সিনেমা দেখে তিনি বলেন, ‘আমার কাছে তো অবশ্যই ভালো লেগেছে। আমি অনেকদিন থেকে অপেক্ষা করছিলাম সিনেমাটা দেখব। আমরা এখানে এসে দেখতে পেয়েছি প্রত্যেকটা ফ্রেম অসম্ভব সুন্দর। সবাই অনেক ভালো অভিনয় করেছে। আর মানুষ আসলে যেভাবে বাংলাদেশি সিনেমা দেখার জন্য আগ্রহ প্রকাশ করছে সেইটা সবচেয়ে আনন্দের এবং সবচেয়ে আশার।’

প্রসঙ্গত, লাক্সতারকা আজমেরী হক বাঁধনের অভিনয়ের শুরু ২০০৬ সালে। নিজের অভিনয় নিয়ে একটা সময় হতাশ হয়ে পড়েছিলেন। ওজন ঝরিয়েও বাদ পড়েছিলেন জাজ মাল্টিমিডিয়ার সিনেমা থেকে।

তবে ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমার মাধ্যমে কেবল দেশে নয়, আন্তর্জাতিক অঙ্গনেও দারুণ পরিচিতি তৈরি করে নিয়েছেন তিনি। বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসব থেকে জিতে নিয়েছেন পুরস্কার।

দেশের শোবিজে ঘুরে দাঁড়ানোর সেরা উদাহরণ তিনি। এ কথায় দ্বিমত নেই কারোর। এই প্রত্যাবর্তনের পেছনে তার আত্মবিশ্বাস ছিল মূল শক্তি। এখন তার নামের পাশে বলিউডও রয়েছে। কেননা হিন্দি সিনেমায়ও কাজ করে ফেলেছেন বাঁধন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *