এমন আদর বাকি জীবনেও চাইলেন পরীমণি

জীবনের নতুন অধ্যায়ের প্রতিটা মুহূর্ত উপভোগ করছেন চিত্রনায়িকা পরীমণি। তার গর্ভে বেড়ে উঠছে আরও এক প্রাণ। যার বয়স এখন আট মাস। এই গুরুত্বপূর্ণ সময়ে নিজেকে সবধরণের কাজ থেকে বিরত রাখছেন পরী। স্বামী শরিফুল রাজও তার সেবাযত্নের ত্রুটি রাখছেন না।

মাতৃত্বকালীন এই সময়ে পরীমণির জন্য ভালোবাসা আর উপহার নিয়ে হাজির হচ্ছেন সিনে অঙ্গনের অনেকেই। কিছুদিন আগেই অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা তার জন্য উপহার পাঠিয়েছেন। সেটা পেয়ে আপ্লুত হন পরী।

এবার পরীমণির জন্য নিজের হাতে রান্না করা খাবার নিয়ে এলেন অভিনেত্রী শিল্পী সরকার অপু। যাকে মা বলেই সম্বোধন করেন পরী। ‘স্বপ্নজাল’ সিনেমায় পরীর মায়ের ভূমিকায় অভিনয় করেন অপু। সেই থেকে সম্পর্কটা মা-মেয়ের মতো।

বুধবার (২৭ জুলাই) রাতে বিভিন্ন পদের খাবার ও উপহার নিয়ে পরীমণির বাসায় যান শিল্পী সরকার অপু। আনন্দঘন সেই মুহূর্তের ছবি শেয়ার করেন পরী নিজেই।

এ অভিনেত্রী তার ভেরিফায়েড ফেসবুক পেজে খাবারের ভিডিও, ছবি পোস্ট করে লিখেছেন তার অনুভূতির কথা।

ভিডিওতে দেখা যায় পরীমনি খাবার খাচ্ছেন। অনেক পদের খাবার নিয়ে বসেছেন তিনি। পরীর পরনে শাড়ি। ওই খাবার এবং শাড়ি নিয়ে এসেছেন শিল্পী সরকার অপু।

পরীমনি লিখেছেন, ‘আজ মা এসেছিলেন তার হাতের এত্ত পদের রান্না করা খাবার নিয়ে। শুধু কি রান্না! ফুল, এক জোড়া শাড়ি, জামা আর এত্তগুলো আদর! এই যে একটা শাড়ি পরেও ফেললাম।’

শিল্পী সরকার অপুর সঙ্গে তার পরিচয়ের কথা উল্লেখ করে পরী লেখেন, ‘মা শিল্পী সরকার অপু। এই মাকে আমি পেয়েছি স্বপ্নজাল থেকে। এমন করেই আদর দিও বাকি জীবন। আমি তোমাকে অনেক ভালোবাসি।’

যে ভিডিও এবং ছবি পরীমনি ফেসবুক পেজে পোস্ট করেছেন সেগুলো তুলে দিয়েছেন তার স্বামী শরিফুল রাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *