অর্পিতার আরেক ফ্ল্যাটেও টাকার পাহাড়, এবার মিলল ২৯ কোটি

গ্রেপ্তার হওয়া পশ্চিমবঙ্গের সাবেক শিক্ষামন্ত্রী ও বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তার ঘনিষ্ঠ সহযোগী অর্পিতা মুখোপাধ্যায়ের আরেকটি ফ্ল্যাট থেকে নগদ ২৯ কোটি রুপি ও ৫ কেজি সোনার গয়না জব্দ করেছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, অর্পিতার ফ্ল্যাটটিতে প্রায় ১৮ ঘণ্টা তল্লাশি চালিয়ে ইডির তদন্তকারীরা ফ্ল্যাটটি থেকে ১০টি ট্রাংক নিয়ে গেছে। সেখান থেকে জব্দ হয় করা ২৯ কোটি রুপি। যা গুনতে ৩টি মেশিন ব্যবহার করতে হয়েছে ইডিকে।

অর্পিতার আগের ফ্ল্যাটটি থেকে জব্দ করা ২১ কোটি রুপিসহ দুই ফ্ল্যাটে সব মিলিয়ে ৫০ কোটি রুপি জব্দ করা হলো।

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতায় ইডির সদর দফতর সিজিও কমপ্লেক্সের লকআপে মন্ত্রী পার্থ ও তার ঘনিষ্ঠজন অর্পিতা। এই ঘটনায় পার্থ অর্পিতাকে জেরা করে একাধিক সম্পত্তির হদিস পেয়েছেন গোয়েন্দারা। তারই প্রেক্ষিতে বুধবার দিনভর অর্পিতার দ্বিতীয় বাড়িতে অভিযান চালিয়েছে কর্তৃপক্ষ।

১৮ ঘণ্টার অভিযানে ৫ কেজি সোনার গয়না পেয়েছে ইডি। ইডি সূত্রের খবর, অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাটের টয়লেট, আলমারি থেকেও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।

সূত্র জানিয়েছে, অর্পিতার দ্বিতীয় বাসা থেকে উদ্ধার নগদ অর্থ গুনতে তিনটি মেশিন ব্যবহার করে ইডি। ফ্ল্যাট থেকে গুরুত্বপূর্ণ নথিও পাওয়া গেছে। তবে এসব নথি সম্পর্কে এখনও স্পষ্ট করেনি কর্তৃপক্ষ।

সম্প্রতি অপির্তার অন্য একটি ফ্ল্যাট থেকে ২১ কোটি রূপি উদ্ধারের পরই বেলঘরিয়ার ফ্ল্যাটে অভিযান চালানো হয়েছে। স্ট্র্যান্ড রোডে স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার হেড অফিসে ট্রাংক নিয়ে যাওয়া হয়েছে এসব নগদ অর্থ।

ইডির একাংশ বলছে, নগদ অর্থ উদ্ধারের পর অর্পিতা মুখোপাধ্যায়কে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। টাকার উৎস জানতে চাওয়া হলেও এ বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেন অর্পিতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *