ফের বিয়ের খবরে আলোচনায় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। বৃহস্পতিবার রাতে নিজের দ্বিতীয় বিয়ের খবর জানালেও আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে প্রায় ২ মাস আগেই।
জানা গেছে, পূর্ণিমার বর্তমান স্বামী আশফাকুর রহমান রবিন পেশায় দেশের বহুজাতিক একটি কোম্পানির মার্কেটিং বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা। লেখাপড়া করেছেন সিডনির একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। সেখানে থেকে উচ্চতর ডিগ্রি নিয়েছেন।
বিয়ের পর তাঁরা রাজধানীর একটি অভিজাত এলাকায় একত্রে বসবাস করছেন। তবে নতুন সংসারে কেমন সময় কাটছে পূর্ণিমার?
জানতে চাইলে তিনি সংবাদমাধ্যমকে বলেন, বেশ ভালো সময় কাটছে। আমার স্বামীর পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনদের সঙ্গে নিয়ে সুন্দরভাবে আনন্দঘন পরিবেশেই দিন কাটছে। সব মিলিয়ে এখন বেশ ভালো আছি। আমার যেমন প্রত্যাশা ছিল, ঠিক তেমন পরিবারেই বিয়ে হয়েছে।
স্বামী হিসেবে কেন আশফাকুর রহমান রবিনকেই পছন্দ হলো তার? এ প্রশ্নের জবাবে নতুন স্বামীকে প্রশংসা ভাসালেন পূর্ণিমা।
তিনি বলেন, আমার স্বামী বেশ দায়িত্বশীল একজন মানুষ। বিয়ের অনেক আগে থেকেই আমার সঙ্গে পরিচয় তার। প্রায় বছর তিনেক তো হবে। এ সময়ের মধ্যে নিজেরা নিজেদের সম্পর্কে জেনে বুঝেই বিয়ের সিদ্ধান্তে আসি। এখন মনে হচ্ছে বিয়ের সিদ্ধান্তটি সঠিক ছিল।
বিয়ের খবর প্রকাশ হওয়ার পর কিছু নেতিবাচক আলোচনা হচ্ছে…। তা জানা বাকি নেই স্বয়ং নায়িকার। এ প্রসঙ্গে পূর্ণিমা বলেন, সব সময়ই যে কোনো ঘটনা কিংবা বিষয়ে মানুষের ইতিবাচকের পাশাপাশি নেতিবাচক কর্মকাণ্ড দেখা যায়। আমি সেসব নিয়ে মোটেও ভাবি না। আমি তো নেতিবাচক কাজ করিনি। তাই কোনো ধরনের সমালোচনা গুরুত্ব দিচ্ছি না। যারা নিন্দুক, তারা সব সময় নিন্দাই করবে। তার জন্য কি থেমে থাকব? মোটেও না।
