একজন শিল্পী হিসেবে আমি খুশি: মিশা সওদাগর

ঢাকাই সিনেমার অন্যতম খল অভিনয়শিল্পী মিশা সওদাগর। পরিবারের সঙ্গে সময় কাটিয়ে সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন। ফিরেই ছুটে গেছেন সিনেমা হলে। দেখেছেন আলোচনার তুঙ্গে থাকা ‘পরাণ’। দেখার পর সিনেমাটির ভূয়সী প্রশংসা করেছেন তিনি।

সংবাদমাধ্যমকে মিশা বলেন, ভীষণ ভালো লেগেছে। ৫-১০ বছরে ‘পরাণ’ আর হবে না। ‘পরাণ’ একটাই। ‘পরাণের’ মতো সিনেমা একবারই হয়। ‘পরাণ’ আমাদের সিনেমা। ‘পরাণ’ এখানকার মাটি ও মানুষের গল্পের সিনেমা। ‘পরাণ’ সিনেমার শিল্পীরা প্রাণ দিয়ে অভিনয় করেছেন। এই সিনেমা পরিবার নিয়ে দেখা সম্ভব। এই সিনেমায় পরিপূর্ণ গল্প আছে।

কেউ কেউ বলছেন বাংলাদেশের সিনেমার সুবাতাস বইছে, এ ব্যাপারে জানতে চাইলে মিশা সওদাগর বলেন, আমি মনে করি ১০টি ভালো সিনেমা পুরো চলচ্চিত্র ইন্ডাস্ট্রি বদলে দিতে পারে। একটি বা দুটি সিনেমা আশার আলো দেখাচ্ছে। একজন শিল্পী হিসেবে আমি খুশি। কিন্ত আমার দীর্ঘ অভিজ্ঞতা বলছে, পর পর কয়েকটি ভালো সিনেমা দরকার। সেজন্য আমি ১০টি ভালো সিনেমার কথা বলছি। তাহলে ঘুরে দাঁড়াবে আমাদের সিনেমা।

সুবাতাস কথাটি শুনতে দারুণ লাগে। অনেকেই আমাকে কথাটি বলেছেন বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে। ঢাকাই সিনেমাকে ঘিরে এই সুবাতাস অব্যাহত থাকুক।

তবে হুট করে সিনেমার খরা কাটিয়ে ওঠা সম্ভব নয় বলে মনে করেন এই অভিনেতা। তিনি বলেন, একটু সময় লাগবে খরা কাটিয়ে উঠতে। আমি যতটুকু জানি তা হচ্ছে, দেবাশীষ বিশ্বাসের শ্বশুরবাড়ি জিন্দাবাদ-টু দিয়ে একটু একটু করে দর্শক আসা শুরু করেন। এরপর ঈদুল আজহার সময় ‘শান’ ও ‘গলুই’ ভালো দর্শক টানতে সক্ষম হয়েছে।

সেই ধারাবাহিকতায় এখনকার দুটি সিনেমা ‘পরাণ’ ও ‘দিন: দ্য ডে’ দর্শক ধরে রেখেছে। ‘সাইকো’ কোনো কোনো জায়গায় ভালো চলছে। কিন্তু ‘পরাণ’ ও ‘দিন: দ্য ডে’ খুবই ভালো চলছে। শুনেছি, কোনো কোনো দিন টিকিটও পাওয়া যায়নি। এভাবে যদি ধারাবাহিকতা ধরে রাখা সম্ভব হয়, তাহলে ঢাকার সিনেমার খরা কাটিয়ে উঠা সম্ভব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *