এসএম আসলাম তালুকদার মান্না। সিনেমা প্রেমী মানুষের কাছে মান্না নামেই পরিচিত। বাংলা চলচ্চিত্রের পর্দাকাঁপানো এই নায়ক হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৪৪ বছর বয়সে ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি না ফেরার দেশে পাড়ি জমান।
তার মৃ’ত্যুতে চলচ্চিত্র পাড়ায় নেমে আসে শোকের ছাঁয়া। বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিদের ভাষ্যমতে এই নায়কের মৃ’ত্যুকে যে ক্ষতি হয়েছে ইন্ডাস্ট্রির তা আজও পূরণ হয়নি।
দেখতে দেখতে মান্নার প্রয়াণের ১৪ বছর হয়ে গেছে। কিন্তু তার জনপ্রিয়তা একটুও কমেনি। সবসময়ই তাকে স্মরণ করেন দর্শক ও সিনেমা অঙ্গনের শিল্পীরা।
তেমনই সুদূর অস্ট্রেলিয়ায় বসবাসকারী নায়িকা শাবনূরও প্রিয় সহকর্মীকে আবারও স্মরণ করেছেন।
মান্নার সঙ্গে তোলা ছবি পোস্ট করে সোমবার (২৫ জুলাই) বিকালে ফেসবুকে শাবনূর লিখেছেন, ‘মান্না ভাই আমাদের মাঝে নেই বাংলা চলচ্চিত্রও আগের মত নেই তারপরেও বলবো বাংলা চলচ্চিত্র ঘুরে দাড়াবে নতুন করে নতুনদের হাত ধরে পুরাতনদের সাথে নিয়ে’।
উল্লেখ্য, ২০২০ সালের জানুয়ারিতে শেষবারের মতো শাবনূর দেশ থেকে অস্ট্রেলিয়া গেছেন। তার অনেক আগে থেকে দেশটির নাগরিক শাবনূর। ২০২০ সালের মার্চ মাসে আবার দেশে আসার কথা ছিল তার। কিন্তু এর পর পরই করোনা শুরু হলে তিনি আটকা পড়ে যান। দীর্ঘদিন করোনার কারণে দেশে ফেরা হয়নি তার।
করোনার প্রভাব কিছুটা কমে এলে ২০২১ সালের বছরের ডিসেম্বরে আবারো দেশে আসতে চান শাবনূর। কিন্তু কিছু ব্যক্তিগত ব্যস্ততায় সেবারও ফেরা হয়নি এই তারকার। এরপর আরও একবার দেশে ফেরার উদ্যোগ নিলেও তিনি ও তার পুত্র করোনায় আক্রান্ত হওয়ায় দেশে আসতে পারেননি।
জানা গেছে, গত ঈদুল ফিতরকে সামনে রেখে দেশে আসতে চেয়েছিলেন শাবনূর। কিন্তু সেখানে ব্যবসায়িক কিছু কাজে আটকে পড়েছেন তিনি। একটি গণমাধ্যমকে দুঃখ প্রকাশ করে এই অভিনেত্রী বলেন, ‘দীর্ঘদিন ধরে দেশের মুখ দেখতে পারছি না বলে আমি হতাশ।’
