ভালোবেসে ঘর বেঁধেছিলেন ঢাকাই সিনেমার দুই শীর্ষ তারকা শাকিব খান ও অপু বিশ্বাস। সেটা ২০০৮ সালের কথা। তবে বিয়ের খবর টের পায়নি কেউ। দীর্ঘ নয় বছর পর ২০১৭ সালে একটি টিভি চ্যানেলের লাইভে সন্তান আব্রাহাম খান জয়সহ হাজির হন অপু। এরপর জানান, তিনি ও শাকিব বিবাহিত এবং এই সন্তান তাদেরই।
ওই ঘটনায় গোটা দেশ তোলপাড় হয়। কিছুদিন পর শাকিব-অপুর সংসারও ভেঙে যায়। তখন থেকে শাকিব যেমন একা রয়েছেন, অপুও একা। তবে এবার নতুন কিছু ভাবছেন ‘কিং খান’। আগামী বছরই বিয়ের পিঁড়িতে বসবেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে শাকিব জানান, তার পরিবারের পক্ষ থেকে মেয়ে দেখা হচ্ছে। সব ঠিকঠাক হলে আগামী বছরই বিয়েটা সেরে ফেলবেন।
এবার অপু বিশ্বাস জানালেন, তিনিও বিয়ে করবেন। কারণ জীবন একাকী কাটানো যায় না। একটি গণমাধ্যমের সাক্ষাৎকারে অপু বলেন, ‘আমিও বিয়ে করব, জীবন তো আর একাকী চলে না। তবে এখনই নয়, হাতে অনেক কাজ জমা আছে। সব দায়িত্ব শেষ করে, আদর্শবান ও যত্নশীল একজন মানুষ খুঁজে নিয়ে তার গলায় ভালোবাসার মালা পরাতে চাই। আজীবন সুখ আর শান্তির বন্ধনে আবদ্ধ হতে চাই।’
জীবনকে যন্ত্রের সঙ্গে তুলনা করে অপু বিশ্বাস বলেন, ‘আসলে জীবন হচ্ছে একটা যন্ত্রের মতো। যতক্ষণ ওটা নড়াচড়া করে ততক্ষণই বুঝতে হবে তাতে প্রাণ আছে। যখন ওটা থেমে যাবে তখনই বুঝতে হবে তার মরণ হয়েছে। আমি জীবন-যন্ত্রটাকে সহজে মরতে দিতে চাই না।’
কিন্তু শাকিব খান বিয়ে করলে তার অনুভূতি কী হবে? অপু বিশ্বাস বলেন, ‘শাকিব খান বিয়ে করবে, এটা অবশ্যই সুখবর। সে বিয়ে করবে আর আমরা সবাই তার বিয়ের আনন্দ নিয়ে মেতে উঠব। এটাই তো চাই। শাকিবের বিয়েতে আমি আর জয় (শাকিব খানের ছেলে) মহা আনন্দ করব।’
