এতো প্রশংসা শুনে খুশিতে কান্না চলে এসেছে: পরীমণি

গত কোরবানির ঈদ উপলক্ষে মুক্তি পেয়েছে রায়হান রাফি পরিচালিত সিনেমা ‘পরাণ’। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ, বিদ্যা সিনহা মিম ও ইয়াশ রোহান।

গত ১০ জুলাই মুক্তি পেলেও এতদিন সিনেমাটি দেখার সুযোগ পাননি রাজের স্ত্রী ও চিত্রনায়িকা পরীমণি।

অবশেষে শনিবার (২৩ জুলাই) রাজধানীর মিরপুরের সনি স্কয়ারের স্টার সিনেপ্লেক্সে গিয়ে ‘পরাণ’ দেখেছেন পরীমণি। এদিন সিনেমাটির একটি বিশেষ প্রদর্শনী হয়। সেখানে ৮ মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় হাজির হন পরী।

সিনেমা দেখা শেষে আবেগপ্রবণ হয়ে যান পরীমণি। স্বামী রাজকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন তিনি।

পরীমণি বলেন, ‘রাজ অভিনীত ‘পরাণ’ সিনেমার প্রশংসা শুনছি সবার মুখে। সিনেমা নিয়ে চারিদিকে আলোচনা হচ্ছে। আমারতো খুশিতে কান্না চলে এসেছে। ওরা সবাই ভালো অভিনয় করেছেন।’

এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন- ইলিয়াস কাঞ্চন, মিশা সওদাগর, আরিফিন শুভ, মাহিয়া মাহি, সিয়াম আহমেদ, পূজা চেরি, দিঘী, রোজি সিদ্দিকীসহ অনেকে।

সাম্প্রতিক সময়ে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় আছে ‘পরাণ’। দ্বিতীয় সপ্তাহে এসে দেশের ৫৫ সিনেমা হলে চলছে সিনেমাটি।

হৃদয়স্পর্শী ত্রিভুজ প্রেমের গল্পের সিনেমা ‘পরাণ’। চিত্রনায়ক শরিফুল রাজ, বিদ্যা সিনহা মিম ও ইয়াশ রোহান অভিনীত সিনেমাটি নিয়ে মুক্তির আগে অন্তর্জালে আলোচনা চলেছে বেশ।

গুঞ্জন আছে, বরগুনার আলোচিত মিন্নি-রিফাত-নয়ন বন্ডের ঘটনার ছায়া অবলম্বনে নির্মাণ হয়েছে এই সিনেমা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *