বিকৃতভাবে রবীন্দ্র সঙ্গীত গাওয়ায় হিরো আলমকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী। আগামী ৩০ দিনের মধ্যে সোশ্যাল মিডিয়া থেকে এসব গান না সরালে আইনী ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন সেই আইনজীবী।
এ ব্যাপারে জানতে যোগাযোগ করা হলে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হিরো আলম জানান, তিনি এখনো কোনো নোটিশ পাননি।
তিনি সংবাদমাধ্যমকে বলেন, ‘প্রথমত আমার কাছে কোনো নোটিশ আসে নাই। দুই নাম্বার কথা, গানগুলো তো আমি করি নাই। আমি শুধু ভয়েস দিছি। গানের তো প্রডিউসারও আমি না, ডিরেক্টরও আমি। আমি কীভাবে সরাবো।’
নোটিশ পেলে কী করবেন? এমন প্রশ্নে হিরো আলম বলেন, ‘নোটিশ একজন পাঠাইতেই পারে। তাতে আমি ভীত না। সবার নজরে তো হিরো আলমকে নাও ভালো লাগতে পারে। এজন্য এটা নিয়ে আমি কিছু মনে করি না।’
হিরো আলম আরও বলেন, ‘আমি যদি অন্যায় করে থাকি তাহলে আমার শাস্তি হবে। যখন গানটা করি তখন আমি নিজেই বলছিলাম, ভবিষ্যতে এই ধরনের গান আমি গাব না। আপনারা এইগুলো নিয়ে আর কোনো আলোচনা-সমালোচনা করবেন না। তারপরেও এগুলো নিয়ে প্যাঁচানোর দরকার কেন?’
উল্লেখ্য, রবীন্দ্রসংগীতসহ বিভিন্ন গান মিউজিক ভিডিও আকারে বিকৃতভাবে উপস্থাপন করার অভিযোগে বৃহস্পতিবার (২১ জুলাই) হিরো আলমকে লিগ্যাল নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার।
নোটিশে বলা হয়েছে, আশরাফুল আলম ওরফে হিরো আলম সম্প্রতি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত জনপ্রিয় রবীন্দ্র সঙ্গীত ‘আমার পরান যাহা চায়’ গানের কিছু লাইন ও শব্দের সঙ্গে বিশ্বকবি রচিত মূল গানটির লাইন ও শব্দের মিল পাওয়া যায়নি। এছাড়া একইভাবে বাংলাদেশের বিখ্যাত শিল্পী মৌসুমী ভৌমিকের গাওয়া ‘আমি শুনেছি সেদিন তুমি’ গানটিও হিরো আলম গেয়েছেন, যার কিছু লাইন ও শব্দের সঙ্গে মূল গানটির লাইন ও শব্দের মিল নেই।
নোটিশে আরও বলা হয়, হিরো আলম মিউজিক ভিডিও নির্মাণের নামে বিকৃত ও অশুদ্ধ বাংলা শব্দ উচ্চারণ, অশ্লীল অঙ্গভঙ্গি ও দৃশ্য ধারণ করে সোশ্যাল মিডিয়াতে প্রচার ও প্রকাশ করে গণ-উৎপাত সৃষ্টি করে অপরাধ করেছেন।
নোটিশে আরও বলা হয়, আপনি একজন চলচ্চিত্র শিল্পী, প্রযোজক, পরিচালক এবং সোশ্যাল মিডিয়াতে একজন জনপ্রিয় ব্যক্তি, বিধায় অনেকেই আপনার ভাষাগত উচ্চারণ, আচার-আচরণ, অঙ্গভঙ্গি, নাচ, পোশাক, চলাফেরা অনুকরণ ও অনুসরণ করে থাকে। ফলে মিউজিক ভিডিওতে বিকৃত ও অশুদ্ধ বাংলা শব্দ উচ্চারণ, অশ্লীল অঙ্গভঙ্গি, নগ্ন বা অর্ধনগ্ন নৃত্য পরিবেশন ও অশালীন পোশাক পরিধানজনিত কর্মকাণ্ড থেকে তাকে বিরত থাকতে বলা হয়েছে নোটিশে।
