ঈদুল আজহায় মুক্তি পেয়েছে অনন্ত জলিল প্রযোজিত ও অভিনীত ‘দিন দ্য ডে’। এই অভিনেতা ও ব্যবসায়ী তাঁর সিনেমাটিকে আন্তর্জাতিক বলে উল্লেখ করেছেন। বিভিন্ন সাক্ষাৎকার জানিয়েছেন, দেশে আগে এমন আন্তর্জাতিক মানের সিনেমা হয়নি। এগুলোকে বাড়াবাড়ি বলে ফেসবুকে উল্লেখ করেছেন অঞ্জনা।
বুধবার (২০ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক করা এক পোস্টে অঞ্জনা লিখেছেন, ‘মিস্টার অনন্ত জলিল। আন্তর্জাতিক মানের সিনেমা, আন্তর্জাতিক মানের সিনেমা – আপনার এই ডায়লগ শুনতে শুনতে আমরা বিরক্ত হয়ে গেছি, বিশেষ করে আমি অনেক বিরক্ত হয়েছি। আন্তর্জাতিক চলচ্চিত্র বলতে আপনি কি বোঝাতে চেয়েছেন।’
এরপর তিনি লেখেন, ‘আমার অভিনীত অনেক বিগ বাজেটের অ্যাকশনধর্মী সুপার বাম্পার ব্লকবাস্টার আন্তর্জাতিক চলচ্চিত্র। Qatilon Qey Qatil & Badla, Aaug Aur sholay, Bardhast, Akhiri faisala মতো চলচ্চিত্রগুলি দেখে নিবেন আশা করি।’
অঞ্জনা আরো বলেন, ‘আপনি আবার বলেছেন এদেশে এর আগে এরকম আন্তর্জাতিক চলচ্চিত্র নির্মাণ হয়নি বা কোন শিল্পী এরকমভাবে আন্তর্জাতিক অঙ্গনে কাজ করেনি। এ বিষয়টা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেলো না।
মিস্টার অনন্ত জলিল আপনি হয়তো জানেন না। আজ থেকে প্রায় ৩০ বছর আগেই অসংখ্য আন্তর্জাতিক ব্যবসাসফল চলচ্চিত্রে আমি দাপটের সাথে অভিনয় করেছি। সেখানে তুরস্ক ইরাক ইন্ডিয়া পাকিস্তান নেপাল শ্রীলংকা থাইল্যান্ড হংকংসহ পাকিস্তানের আরো নিজস্ব ৩টি ভাষা উর্দু, পাঞ্জাবি, পশতু ভাষার ব্যবসাসফল বহু চলচ্চিত্রে সুনামের সাথে আমি অভিনয় করেছি।’
আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের যেসব চলচ্চিত্র শিল্পী সুনামের সঙ্গে অভিনয় করেছেন তাদের প্রসঙ্গ উল্লেখ করে অঞ্জনা বলেন, ‘বাংলাদেশ থেকে একমাত্র ববিতা আপা, আমি ও রোজিনা আন্তর্জাতিক অঙ্গনে অসংখ্য কাজ করেছি। কিন্তু সর্বাধিক কাজ একমাত্র আমি করেছি। তাই কিছু বলার আগে একটু ভেবে নিবেন আর বাংলা চলচ্চিত্র ও আন্তর্জাতিক চলচ্চিত্র সম্পর্কে কিছুটা অনুধাবন করবেন।’
এরপরই অনন্তকে তার চলচ্চিত্রের জন্য সাধুবাদ জানান অঞ্জনা, বলেন, ‘আমি আপনাকে অবশ্যই সাধুবাদ জানাই যে চলচ্চিত্রের এই ক্রান্তিলগ্নে আপনি আন্তর্জাতিকভাবে চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা করেছেন এবং ভবিষ্যতে আরো করবেন আশা করি।’
পরে অঞ্জনা যোগ করেন, ‘শুধু একটাই অনুরোধ থাকবে আপনার কাছে, এদেশের চলচ্চিত্রের পূর্ণাঙ্গ ইতিহাস জেনে তারপর আপনি আপনার মতো মত প্রকাশ করবেন।’
প্রসঙ্গত, বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় ‘দিন: দ্য ডে’ সিনেমাটি নির্মাণ করেছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম।
সিনেমার বাংলাদেশের অংশ প্রযোজক অনন্ত জলিল; প্রযোজনার পাশাপাশি অভিনয়ও করেছেন তিনি। অনন্ত জলিল ছাড়াও তার স্ত্রী ও চিত্রনায়িকা বর্ষাসহ আরও অনেকে অভিনয় করেছেন।
বাংলাদেশ, তুরস্ক, আফগিস্তান, ইরানে সিনেমার শুটিং হয়েছে।
