লিখন রাজ, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে অজ্ঞাতনামা এক তরুণীর (২২) লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার মুড়াপাড়া বাজার এলাকা থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়।
পুলিশের ধারণা, প্রায় ৩/৪ দিন পূর্বে ওই নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়। নিহতের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা আলামত দেখে এমনটাই সন্দেহ করছেন তারা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মুড়াপাড়া নামাবাজার সংলগ্ন মঙ্গলখালী এলাকার একটি পরিত্যক্ত টিনের ঘর থেকে গতকাল দুর্গন্ধ বের হচ্ছিল। বুধবার সকালে সেই দুর্গন্ধ আরও বাড়তে থাকে। এক পর্যায়ে এলাকাবাসী মিলে সেই ঘরের দরজা খুললে ভেতরে অজ্ঞাত নারীর বিকৃত লাশ পরে থাকতে দেখে। পরে পুলিশকে খবর দেয়া হয়।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে ঘটনাস্থলে যাওয়া নারায়ণগঞ্জ সিআইডি পুলিশের ইন্সপেক্টর (ক্রাইম) জহিরুল ইসলাম বলেন, পরিত্যক্ত ঘরের ভেতর থেকে যুবতীর লাশ পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে লুঙ্গি, স্যান্ডেল, পারফিউম, মাথার চুলসহ কিছু আলামত পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে ওই যুবতীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। নিহতের লাশ নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।





