সিনেমা হলের সামনে চায়ের দোকান থেকে শুরু করে অলিগলিতে চলছে আলোচনা। কেন্দ্রে রয়েছে অনন্ত জলিল ও বর্ষা অভিনীত সিনেমা ‘দিন দ্য ডে’।
অবশ্য আলোচনা হওয়াটাই স্বাভাবিক। কেননা দেশীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে টেকনিক্যাল দিক থেকে শুরু করে অনেক কিছু দেখিয়েছেন অনন্ত জলিল। বিদেশের সিনেমার মতো অ্যাকশন তার সিনেমার মাধ্যমেই দর্শক প্রথমবার দেখার সুযোগ পেয়েছেন। আট বছর পর এবার শত কোটি টাকা বাজেটের ‘দিন দ্য ডে’ মুক্তি দিয়ে ফিল্ম ইন্ডাস্ট্রিতে সাড়া ফেলেছেন এ নায়ক।
গত ১০ জুলাই দেশের ১০৭টি হলে মুক্তি পেয়েছে অনন্ত-বর্ষার ‘দিন দ্য ডে’ সিনেমাটি। বর্তমানে সিনেমাটির প্রচার-প্রচারণা নিয়ে দেশের নানান প্রান্তে যাচ্ছেন এই তারকা দম্পতি। পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও নিয়মিত প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
এরই ধারাবাহিকতায় গত সোমবার (১৮ জুলাই) সন্ধ্যায় যমুনা ব্লক বাস্টারে সিনেমাটি দেখতে যান তারা। সেখানে হাজির হয়েছিলেন স্যোশাল মিডিয়ার আলোচিত মুখ হিরো আলম।
তিনি জানান, ‘ভালো সিনেমা নির্মাণ হলে দর্শক আসবে, এটা আপনারাই দেখতে পাচ্ছেন। এবারের তিনটা সিনেমাই কিন্তু আলোচনায় রয়েছে। এ রকম সিনেমা যদি আরও বেশি নির্মাণ হয় তাহলে দর্শক আরও বাড়বে বলে আমি বিশ্বাস করি।’
এ সময় অনন্ত জলিলের উদ্দেশে হিরো আলম বলেন, ‘অনন্ত জলিল ভাইকে একটা কথাই বলতে চাই, সামনে আপনি শুধু এককভাবে সিনেমা না করে অন্যদের সিনেমাতেও বিনিয়োগ করবেন। আপনি একশো কোটি টাকা দিয়ে ১০টা সিনেমা প্রযোজনা করেন। এটা সিনেমার জন্য, আমাদের জন্য, এমনকি দেশের জন্যও ভালো হবে। আমরা আপনার সিনেমার পাশে আছি, চলচ্চিত্রের পাশে আছি। তাই আপনার কাছে বিনীত অনুরোধ, কিছু সিনেমা প্রযোজনা করেন প্লিজ।’
হিরো আলমের ভাষ্য, ‘মানুষের ভালোবাসার কারণেই আজকে আমাদের চলচ্চিত্র দেখার আগ্রহ বাড়ছে। ভালো চলচ্চিত্র নির্মাণ হলে যে দর্শক আসে, সেটা কিন্তু আবারও প্রমাণ হয়ে গেছে। এটা দেখে আমার বেশ ভালো লাগছে।’
‘দিন দ্য ডে’র বাজেট নিয়ে জানতে চাইলে হিরো আলম বলেন, দেখেন আমরা এক টাকা খরচ হলে দুই টাকা বলি, এটা সবাই বলেন। এখন এই সিনেমার বাজেট আসলে ৮০ কোটি, ১০০ কোটি নাকি ১২০ কোটি, এটা তো আসলে আমি সঠিকভাবে বলতে পারব না। অনন্ত জলিল ভাই হচ্ছেন এই সিনেমার প্রযোজক। তিনি যেহেতু ১০০ কোটি টাকা এই সিনেমার বাজেট বলেছে তারমানে আমাদের এটাই মানতে হবে। এখন এই সিনেমার সঙ্গে জড়িত আরও যারা আছে তারাই ভালো বলতে পারবেন বাজেট কত। এটা নিয়ে আমি আসলে আর কোনো মন্তব্য করতে চাচ্ছি না।।
