যতই সততা দেখাই, ততই পেছন থেকে আমার পা টেনে ধরে: অনন্ত

অসম্ভবকে সম্ভব করে দেখাতে চেয়েছিলেন ঢাকাই সিনেমার আলোচিত প্রযোজক ও চিত্রনায়ক অনন্ত জলিল।

দেশের প্রথম সারির ৭৪ জন তারকা শিল্পীকে গতকাল সন্ধ্যায় যমুনা ব্লকবাস্টার সিনেমাসে ঈদে মুক্তি পাওয়া তাঁর ‘দিন : দ্য ডে’ দেখার দাওয়াত দিয়েছিলেন, যা ঢাকাই সিনেমার ইতিহাসে বিরল। কিন্তু অনন্তের এই দাওয়াতে সাড়া দিলেন না কোনও বড় তারকা!

সোমবার সন্ধ্যায় যথাসময়ে অনন্ত-বর্ষা যমুনা ব্লকবাস্টার সিনেমাসে হাজির হলেও এই নায়কের ডাকে সাড়া দিয়ে আসেননি তেমন কোনও তারকা। আয়োজন-স্থানে দেখা মিলেছে শাহনূর, সাবরিনা সুলতানা কেয়া, ডি এ তায়েব, শিরিন শিলাসহ কয়েক জন অভিনেতার।

অনুষ্ঠান শুরুর আগে তারকারা আসছেন বলেও পরবর্তীতে অনন্ত জলিল জানিয়েছেন, ব্যস্ততার অজুহাতে অনেকেই আসেননি, সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছিল।

অনন্ত কষ্ট নিয়ে বলেন, ‘আমি যতই সততা দেখাই, ততই দেখি পেছন থেকে কেউ যেন আমার পা টা টেনে ধরে রাখে। আমি যতই চাই এই সিঁড়ি দিয়ে উঠে চলচ্চিত্রকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে, দেখি যে পেছন থেকে টেনে ধরে রাখে। এগুলো খুব কষ্ট লাগে আমার।’

অনন্তর দাবি, তার চেষ্টার কমতি ছিল না। কিন্তু যাদের আমন্ত্রণ জানানো হয়েছে, তারা যদি না আসেন, সে ক্ষেত্রে কী করার আছে এই অভিনেতার।

তিনি বলেন, ‘আমরা মুখে বলি চলচ্চিত্র ফ্যামিলি, কিন্তু আমরা যখন কাজে দেখি না, তখন খুব কষ্ট লাগে।’

অনন্ত বলেন, ‘আপনারা দেখবেন, যখনই যে শিল্পী বক্তব্য দেবে, তখনই বলবে আমরা একটা ফ্যামিলি। তো আমি চলচ্চিত্র পরিবারকে দাওয়াত দিয়েছি, একসঙ্গে দেখা করব, সিনেমা দেখব, আপনাদের (সাংবাদিক) সঙ্গে কথা বলব। তাহলে সবাই মনে করবে যে, আমাদের মধ্যে একটা ইউনিটি আছে, আমরা সবাই এক। আমরা চলচ্চিত্র ফ্যামিলি, আমরা একে অপরের পাশে থাকব, হাসিখুশি থাকব, একজন আরেকজনের সিনেমা নিয়ে আলোচনা করব। কিন্তু আমি একা চেষ্টা করলে হবে না। এই মনমানসিকতা সবার মধ্যে থাকতে হবে।’

উল্লেখ্য, এবার ঈদুল আজহায় মুক্তি পেয়েছে তিনটি সিনেমা। এর মধ্যে সর্বোচ্চ ১০৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় অনন্ত জলিল প্রযোজিত ও অভিনীত ‘দিন দ্য ডে’। এই সিনেমাতেও অনন্তর নায়িকা স্ত্রী বর্ষা। এটি পরিচালনা করেছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম।

বাংলাদেশ ছাড়াও ইরান, তুরস্ক, আফগানিস্তানে সিনেমাটির শুটিং হয়েছে। যৌথ প্রযোজনার এ ছবিতে আরও অভিনয় করেছেন অনন্ত জলিলের বন্ধু সুমন ফারুক, খল অভিনেতা মিশা সওদাগরসহ অনেকে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *