দেশের প্রথম সারির ৭৪ জন তারকাকে গতকাল সন্ধ্যায় যমুনা ব্লকবাস্টার সিনেমাসে ঈদে মুক্তি পাওয়া নিজের সিনেমা ‘দিন : দ্য ডে’ দেখার আমন্ত্রণ করেছিলেন প্রযোজক ও চিত্রনায়ক অনন্ত জলিল। তবে অবাক করার বিষয় হচ্ছে, সে আমন্ত্রণে সাড়া দিলেন না একজন তারকাও!
সোমবার সন্ধ্যায় যথাসময়ে অনন্ত-বর্ষা যমুনা ব্লকবাস্টার সিনেমাসে হাজির হলেও এই নায়কের ডাকে কেউই আসেননি। আয়োজন-স্থানে দেখা মিলেছে শাহনূর, সাবরিনা সুলতানা কেয়া, ডি এ তায়েব, শিরিন শিলাসহ কয়েক জন শিল্পীর।
দিন- দ্য ডে সিনেমাটি প্রদর্শনী শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ নিয়ে দুঃখ প্রকাশ করেছেন অনন্ত। তিনি বলেন, ‘আমরা মুখে বলি চলচ্চিত্র ফ্যামিলি, কিন্তু আমরা যখন কাজে দেখি না, তখন খুব কষ্ট লাগে।’
অনন্ত আরও বলেন, ‘আপনারা দেখবেন, যখনই যে শিল্পী বক্তব্য দেবে, তখনই বলবে আমরা একটা ফ্যামিলি। তো আমি চলচ্চিত্র পরিবারকে দাওয়াত দিয়েছি, এক সঙ্গে দেখা করব, সিনেমা দেখব, আপনাদের (সাংবাদিকদ) সঙ্গে কথা বলব। তাহলে সবাই মনে করবে যে, আমাদের মধ্যে একটা ইউনিটি আছে, আমরা সবাই এক। আমরা চলচ্চিত্র ফ্যামিলি, আমরা একে অপরের পাশে থাকব, হাসিখুশি থাকব, একজন আরেকজনের সিনেমা নিয়ে আলোচনা করব। কিন্তু আমি একা চেষ্টা করলে হবে না। এই মন মানসিকতা সবার মধ্যে থাকতে হবে।’
অনেকের সঙ্গে যোগাযোগ করা হলেও অধিকাংশ শিল্পীই অজুহাত বা কারণ দেখিয়েছেন দাবি করে অনন্ত বলেন, ‘আমি ববিতা আপাকে ফোন করেছিলাম, তিনি ফোন ধরেন নাই। রতন ফোন করেছিল। চম্পা আপার সঙ্গে আমার কথা হয়েছে। আমরা মনে করেছি, যেহেতু তারা তিন বোন, এক বোন আরেক বোনকে বলে দেবে। অনারা আমাদের মাথার মুকুট।
‘আলমগীর ভাইকে আমি অনেক এসএমএস পাঠিয়েছি, কোনো উত্তর নাই। পরে আমি জানতে পারলাম তিনি কলকাতা। তার পরও আমি আমার বডিগার্ডকে দিয়ে রুনা লায়লা আপা, আলমগীর ভাইয়ের নাম লিখে উনার বাসায় চিঠি পাঠিয়ে দিয়েছি।
‘রুবেল ভাইকে আমি পাচ্ছিলাম না। আমি তার ভক্ত। রতন আমাকে আরেকটা নম্বর দিল। সেটাতেও পেলাম না। পরে ইনভাইটেশন কার্ড ও ভয়েস ম্যাসেজ দিয়েছি।
‘আসতে আসতে আমি অপু বিশ্বাসকে কয়েকবার ফোন করেছি। পরে ধরেছে, বলে যে শুটে আছে, শুট টা শেষ করে আমি বের হয়ে যাব।
‘ইমনকে বললাম। ইমন বললো, ভাইয়া আমি কিছুতেই মিস করব না। আজকে (সোমবার) যখন ফোন করলাম, সে বলে, আমি তো রিহার্সেল করছি, এক্ষুনি বের হয়ে যাব।
অনন্তর দাবি, তার চেষ্টার কমতি ছিল না। কিন্তু যাদের আমন্ত্রণ জানানো হয়েছে, তারা যদি না আসেন, সেক্ষেত্রে কী করার আছে এ অভিনেতার।।
