ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের কঠিন সমালোচনা করলেন ছোট পর্দার এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী তানভিন সুইটি।
ফেসবুকে ‘দিন: দ্য ডে’ সিনেমার প্রশংসা করতে গিয়ে পরোক্ষাভাবে শাকিব খানের প্রসঙ্গ টেনে আনেন তিনি। চলচ্চিত্র শিল্প ধ্বংসের পেছনে তাকে দায়ী করেন এ অভিনেত্রী।
সুইটি লিখেছেন, ‘আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির একজন নায়ক একা রাজত্ব করতে গিয়ে মনোপলী চেতনা পোষণ করার কারণে বাংলা সিনেমার বারোটা বাজিয়েছে। এতে করে চলচ্চিত্রের বাজারে দর্শক আর অন্য কোনো হিরোকে দেখতে পাচ্ছিল না এবং কম্পেয়ার করতেও পারছিল না। যার ফলে আস্তে আস্তে করে সিনেমার সংখ্যা আশংকাজনক হারে কমে গেল এবং হলগুলোও বেশীরভাগ বন্ধ হয়ে গেল।’
তিনি আরও লেখেন, ‘সব ক্ষেত্রেই কম্পিটিশান থাকতে হবে, তাহলেই কাজের মজা পাওয়া যাবে এবং এতে ভালো কিছু করার অগ্রহও বেড়ে যাবে। খেয়াল করবেন, কোথাও একটা নামকরা স্বর্ণের দোকান আছে, বেশীরভাগ ক্রেতা চায় সেই দোকানে যেতে। অথচ তার আশেপাশে আর কোনো স্বর্ণের দোকান না থাকায় অন্য যাচাই করা সম্ভব হচ্ছে না। থাকলে যাচাই-বাছাই করে বেটার কোয়ালিটি প্রোডাক্ট পেতেও পারত।’
সুইটির এই মন্তব্য সহজভাবে নিতে পারেননি শাকিব খানের অনুরাগীরা। মন্তব্যের ঘরে ঢালিউড ভাইজানের হয়ে প্রতিবাদ করছেন। এ ছাড়া বিভিন্ন চলচ্চিত্র বিষয়ক গ্রুপেও চলছে সুইটির কঠোর সমালোচনা।





