রাজিব মজুমদার, মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: মীরসরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ও প্রবীণ শিক্ষক নুর আল আলম (৬৫) এবং কৃষক মোঃ বাদশা (৪৫) নিহত হয়েছে।
গত বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুরে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, নজরুল গবেষক ও প্রবীণ শিক্ষক নুর আল আলম উপজেলার হাদিফকিরহাট বাজারে মহাসড়ক পার হওয়ার সময় উল্টোদিক থেকে আসা দ্রুতগামী জোনাকি পরিবহনের একটি বাসা ধাক্কা দিলে তিনি মারাত্মক আহত হয়ে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৬ জুলাই) রাত ১১টায় মৃত্যুবরণ করেন।
অপরদিকে রবিবার (১৭ জুলাই) সকাল ৭টায় উপজেলার মিঠাছড়া বাইপাস এলাকায় মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় বাসের ধাক্কায় মোঃ বাদশা (৪৫) নিহত হন। নিহত বাদশা রাঙ্গুনিয়া পৌরসভার নোয়াগাঁও ১ নং ওয়ার্ডের মৃত আবুল খায়েরের পুত্র। নিহত বাদশা দীর্ঘদিন ধরে মিঠাছড়া এলাকার গড়িয়াইশ গ্রামের কৃষিকাজে যুক্ত ছিলেন।
দুর্ঘটনার বিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ উপ-পরিদর্শক মোঃ কামরুল আলম জানান, নিহত বাদশা সকালে বাজার থেকে মহাসড়ক দিয়ে বাড়ি ফিরছিলেন তখন ঢাকামুখী দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস তাকে পিছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে মারা যান। আমরা ঘটনাস্থল থেকে গাড়িটি জব্দ করি এবং লাশ উদ্ধার করে নিয়ে আসি। আইনগত প্রক্রিয়া প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
