নাটক ও চলচ্চিত্রের গুণী অভিনয়শিল্পী ডলি জহুর ক্যারিয়ারে অসংখ্য চরিত্রে অভিনয় করেছেন। তবে পর্দায় মা চরিত্রে বেশি দেখা যায় তাকে।
মা হিসেবে সাবলীল অভিনয়ে দিয়ে তিনি অসংখ্য দর্শকদের হৃদয় জয় করেছেন। নিজেকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়।
কিংবদন্তি এই অভিনেত্রী আজ রোববার (১৭ জুলাই) জীবনের আরেকটি বসন্ত পার করে পা দিয়েছেন ৬৮ বছর বয়সে। জন্মদিনে সামাজিক মাধ্যমে সবার ভালোবাসায় সিক্ত হচ্ছেন তিনি।
১৯৫৩ সালের এই দিনে ঢাকার গ্রীনরোড এলাকায় তার জন্ম। পড়াশোনা করেছেন দেশের সেরা বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে।
ছাত্র জীবনেই অভিনয়ে যুক্ত হন ডলি জহুর। ১৯৭৪-৭৫ সালের দিকে বিশ্ববিদ্যালয়ের একটি মঞ্চ নাটকে অভিনয় করেন। এরপর তিনি যোগ দেন ‘নাট্যচক্র’ দলে। সেখানে তিনি কিছু দিন কাজ করার পর যুক্ত হন ‘কথক’ নাট্যগোষ্ঠীতে।
মঞ্চ নাটকে অসামান্য সাফল্যের পর ডলি জহুর পা বাড়ান টিভি নাটকে। নন্দিত কথাসাহিত্যিক ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদের প্রথম নাটক ‘এইসব দিনরাত্রি’ দিয়ে টিভি নাটকে অভিনয় শুরু করেন ডলি জহুর। তারপর থেকে এখনো পর্যন্ত নিয়মিত অভিনয় করে যাচ্ছেন তিনি।
ডলি জহুর অভিনীত ধারাবাহিক নাটকগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ‘এইসব দিনরাত্রি’, ‘একদিন হঠাৎ’, ‘শেষ পত্র’, ‘চুপি চুপি’, ‘বাঘা শের’, ‘স্ক্যান্ডাল’, ‘নোয়াশাল’, ‘মামলাবাজ’, ‘ক্ষণিকালয়’, ‘দহন’, ও ‘গপ্পো’ ইত্যাদি। এছাড়া তিনি কয়েক শতাধিক একক নাটকে অভিনয় করেছেন।
সিনেমায় ডলি জহুরের অভিষেক হয় ‘অসাধারণ’ দিয়ে। এরপর তিনি হুমায়ূন আহমেদের ‘শঙ্খনীল কারাগার’, ‘আগুণের পরশমণি’ সিনেমাগুলোতে অভিনয় করে ব্যাপক প্রশংসিত হন। এছাড়াও তার অভিনীত সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘দেশপ্রেমিক’, ‘বিক্ষোভ’, ‘আঞ্জুমান’, ‘নয়ন’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘চাওয়া থেকে পাওয়া’, ‘দীপু নাম্বার টু’, ‘বিচার হবে’, ‘অন্ধ ভালোবাসা’, ‘আনন্দ অশ্রু’, ‘কুলি’, ‘আমার মা’, ‘বাবা কেন চাকর’, ‘শুধু তুমি’, ‘স্বপ্নের নায়ক’, ‘অনন্ত ভালোবাসা’, ‘মিলন হবে কতদিনে’, ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’, ‘রং নাম্বার’, ‘ঘানি’, ‘হৃদয়ের কথা’, ‘দারুচিনি দ্বীপ’, ‘শুভ বিবাহ’, ‘কি যাদু করিলা’, ‘চাঁদের মতো বউ’, ‘মন বসে না পড়ার টেবিলে’, ‘জ্বী হুজুর’ ইত্যাদি।
সিনেমায় মূলত মায়ের চরিত্রেই বেশি দেখা গেছে ডলি জহুরকে। আর এই চরিত্রে তিনি নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। দর্শক মনে জায়গা করে নিয়েছেন স্থায়ীভাবে। ডলি জহুর ‘শঙ্খনীল কারাগার’ ও ‘ঘানি’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন।
ব্যক্তিজীবনে ডলি জহুর বিয়ে করেছেন অভিনেতা জহুরুল ইসলামকে। তারা একসঙ্গে মঞ্চনাটকে কাজ করতেন। সেই থেকে বন্ধুত্ব ও প্রেম। এরপর ১৯৭৬ সালের ৫ নভেম্বর তারা বিয়ে করেন।
