জীবনতো কেবল স্মৃতি জমানোর খেলা: ফারুকী

দেশের শোবিজ অঙ্গনে দুজনেই নামকরা। তবে একজন ক্যামেরার সামনে, আরেকজন ক্যামেরার পেছনে। ক্যামেরার সামনে ও পেছনের যে চিরন্তন মেলবন্ধন, সেটাই বাস্তব জীবনে ঘটেছে তিশা-ফারুকীর। দাম্পত্য জীবনের ১২ বছর কাটিয়ে দিলেন অভিনেত্রী-পরিচালক জুটি।

২০১০ সালের ১৬ জুলাই বিবাহবন্ধনে আবদ্ধ হন এই তারকা জুটি। শনিবার দাম্পত্য জীবনের এক যুগ পূর্ণ করলেন তারা। বিশেষ এই দিনে দুজনেই আবেগঘন বার্তা শেয়ার করলেন ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে।

এদিন তিশা ও ফারুকী তাদের ফুটফুটে কন্যার সঙ্গে তিনটি ছবি পোস্ট করেছেন নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। তবে ছবিগুলো একই হলেও দুজনের ক্যাপশন আলাদা।

নিজের ফেসবুক ওয়ালে ছবিগুলো পোস্ট করে ফারুকী লেখেন, ‘এই বছরটা আমাদের জন্য অদ্ভুত একটা বছর হয়ে থাকবে। এই বছরেই আমাদের জীবনে এসেছে ইলহাম। আবার এই বছরেই চলে গেলেন আমার বাবা। আর এই বছরই আমাদের বিয়ের বারো বছর পূর্তি হলো। আমাদের মনের অবস্থাটা কি এটা বোঝানোর মতো যুতসই শব্দ খুঁজতেছিলাম। পাই নাই।

কত শত স্মৃতি মনে পড়ছে আমাদের এই বারো বছরের। এই জীবনতো কেবল স্মৃতি জমানোরই খেলা। আশা করি সামনে আরো মধুর-অম্ল সব স্মৃতি জমা হবে আমাদের ভান্ডারে।

আমাদের যৌথ জীবনের সবচেয়ে সুন্দর ঘটনা ইলহাম। আজকের এই দিনে আমরা ওর ছবি আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা ওর জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন।’

প্রসঙ্গত, ২০১০ সালে ভালোবেসে বিয়ে করেন ফারুকী ও তিশা। বিবাহিত জীবনের এক দশক পেরিয়ে একযুগে তারা। নিজেদের বিবাহবার্ষিকীতে কন্যাসন্তানের ছবি প্রকাশ্যে আনায় শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা ও অভিনন্দনে ভাসছেন এই তারকা দম্পতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *