শামছুজ্জামান বাবুল, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে জঙ্গলে বাঁশের সঙ্গে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় আমির হোসেন (৬৫) নামে এক হতদরিদ্র বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত আমির হোসেন উপজেলার আচারগাঁও ইউনিয়নের আচারগাঁও গ্রামের মৃত অহর উদ্দিনের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য মো. শফিকুর রহমান জানান, আমির হোসেন মানসিক রোগী। গত তিন দিন ধরে নিখোঁজ ছিলেন। তার কোন সহায়সম্পদ নাই। কোন পুত্র সন্তান নাই। মানুষের বাড়িতে কাজ কাম করে খায়। কোন সময় ভিক্ষাবৃত্তি করে। যখন মানসিকভাবে একটু সুস্থ থাকে তখন কাজকাম করে। ভারসাম্যহীন অবস্থায় অনেক সময় এখানে-ওখানে পড়ে থাকতো।
শনিবার সকালে তার ভাই জঙ্গলে কোন এক কাজ করতে গিয়ে আমির হোসেনকে বাঁশের সঙ্গে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে ডাক-চিৎকার দিলে সেখানে লোকজন জড়ো হয়। পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান আকন্দ জানান, লাশ উদ্ধারের করা হয়েছে। ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হবে।
