অনন্ত জলিলকে ‘ইমম্যাচিউর’ বললেন পরীমণি

দীর্ঘ আট বছর পর নতুন সিনেমা নিয়ে হাজির হয়েছেন প্রযোজক ও চিত্রনায়ক অনন্ত জলিল। বরাবরের মতো এবারও তার সঙ্গী বর্ষা।

ঈদ উপলক্ষে আরও দুটি সিনেমা মুক্তি পেয়েছে। একটি রায়হান রাফি পরিচালিত ‘পরাণ’, অন্যটি অনন্য মামুনের ‘সাইকো’।

এবারের ঈদে তিনটি সিনেমা মুক্তির পর থেকেই আলোচনা-সমালোচনার মুখে পড়েছে। তবে সবচেয়ে বেশি আলোচনায় আছে ‘দিন দ্য ডে’। এরপরই ‘পরাণ’, তারপর ‘সাইকো’।

সিনেমাগুলো মুক্তির পর থেকেই প্রতিদিন বিভিন্ন প্রেক্ষাগৃহে ঘুরে বেড়াচ্ছেন প্রতিটি সিনেমার অভিনয়শিল্পীরা। নিজের সিনেমা মুক্তি না পেলেও স্বামী শরিফুল রাজের ‘পরাণ’ দেখতে প্রেক্ষাগৃহে গিয়েছিলেন ঢাকাই সিনেমার প্রতিবাদী নায়িকা পরীমণি। এমনকি তাকে ইঙ্গিত করে কেউ কেউ খোঁচাও দিয়েছেন। যদিও সেসবে মাথা ঘামাননি পরী। তবে অনন্ত জলিলের ভেরিফায়েড পেজে শেয়ার করা একটি খবরের লিঙ্ক দেখে কষ্ট পেয়েছেন তিনি।

অনন্ত জলিলের সেই পোস্টটির স্ক্রিনশট নিজের ওয়ালে শেয়ার করে পরীমণি লিখেছেন, ‘লেইম! আপনার থেকে এ রকম ইমম্যাচিউর আচরণ আশা করা যায় না ভাইয়া! আমরা তো বড়দের কাছ থেকে শিখতে চাই। যাই হোক, আমি রাজকে নিয়ে ‘দিন দ্য ডে’ দেখব। শুভ কামনা বর্ষা আপু, অনন্ত জলিল ভাইয়া।’

উল্লেখ্য, ঈদুল আজহায় সারাদেশে দেড়শটির মতো প্রেক্ষাগৃহ খোলা রয়েছে। এর মধ্যে ১৩৪টি হলে চলছে নতুন সিনেমা। ১০৬টি হলে মুক্তি পেয়েছে বাংলাদেশ-ইরানের যৌথ প্রযোজনার ‘দিন দ্য ডে’। অনন্য মামুন পরিচালিত ‘সাইকো’ পেয়েছে ১৭ এবং রায়হান রাফী পরিচালিত ‘পরাণ’ পেয়েছে ১১টি প্রেক্ষাগৃহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *