আজ পবিত্র ঈদুল আজহা

মুসলিম বিশ্বের বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা আজ (১০ জুলাই)। বাংলাদেশ ও পার্শ্ববর্তী দেশগুলোয় উৎসবের সঙ্গে ঈদ উদযাপন করবে। সামর্থ্যবান মুসলমানরা ঈদের নামাজ শেষে মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশে পশু কোরবানি করবেন।

ঈদুল আজহা মুসলিম জাতির কোরবানি-উৎসর্গ-বিসর্জনের দিন। অথচ এ দিনই আবার প্রকৃত ঈদের আনন্দ-উৎসবের দিন। ত্যাগেই সুখ, ভোগে নয়। বিসর্জনেই প্রতিষ্ঠা, উৎসর্গেই সাফল্য, নিবেদনেই আনন্দ।

গতবারের মতো এবারও করোনার বিস্তার রোধে স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপন করবেন মুসলমানরা। বৈশ্বিক মহামারি করোনাভাইরাস রোধে ধর্ম মন্ত্রণালয় এবারও ৮ দফা নির্দেশনা জারি করেছে। এ ছাড়া এবার কোরবানির ঈদ এমন এক সময় এলো, যখন দেশের একটি অংশের বৃহৎ জনগোষ্ঠী বন্যাদুর্গত হয়ে মানবেতর জীবন-যাপন করছেন। তাই সারাদেশের ধর্মপ্রাণ মানুষের প্রার্থনায় থাকবে সবার সুখ-শান্তি কামনা।

ঈদুল আজহা উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানদের আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানিয়ে পৃথক বাণী দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *